বাদশা

নিরাপদে ভারতে পালিয়ে কারও খোঁজ নেন না

Fazle Hossain Badsha
রাজশাহী প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ন শীর্ষ খবর
রাজশাহী প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ন
নিরাপদে ভারতে পালিয়ে কারও খোঁজ নেন না

রাজশাহী-২ (সদর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা আওয়ামী সরকারের পতনের পর ভারতে পালিয়েছেন। ভারত থেকে তিনি কানাডা, দুবাই ও চীনেও গিয়েছেন। তারপর আবার ফিরেছেন ভারতে। আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। তবে তিনি দু’একজন ছাড়া তার দলের কোনো নেতাকর্মীর খোঁজ রাখেন না।

ফজলে হোসেন বাদশা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। বাদশা ভারতে থাকায় এখন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নূর আহমদ বকুল। পার্টির সভাপতি রাশেদ খান মেনন কারাগারে। তাই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে মাহমুদুল হাসান মানিক।

রাজশাহী শহরে ওয়ার্কার্স পার্টির অবস্থান শক্ত নয়। তবে বিভাগীয় এই শহরের তিনবার এমপি হয়েছিলেন দলটির নেতা ফজলে হোসেন বাদশা। প্রত্যেকবারই তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে ভোট করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি চতুর্থবারের মতো নৌকায় ওঠেন। তবে ভরাডুবি হয় ‘ডামি’ প্রার্থীর কাছে। জামায়াত-শিবিররের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তুলে সব সময় সোচ্চার থাকা বাদশা আওয়ামী সরকারের পতনের ১৩ দিন পর নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন রাজশাহী নগরের হড়গ্রাম এলাকায় নিজের প্রাসাদতূল্য বাড়িতেই ছিলেন ফজলে হোসেন বাদশা। সেদিন বিকেলে ক্ষুব্ধ জনতা ১০তলা ওই ভবনটিতে হামলা করার চেষ্টা করেন। কিন্তু বাড়িটিতে ভাড়া থাকতেন জেলা প্রশাসনের অন্তত চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফলে নিচতলায় সামান্য ভাঙচুর ছাড়া ক্ষুব্ধ জনতার কেউ ভবনের ওপরের দিকে ওঠার সুযোগ পায়নি।

পরের তিন দিন ভবনের অন্য একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী তাসলিমা খাতুনকে নিয়ে লুকিয়ে থাকেন বাদশা। ৮ আগস্ট খুব ভোরে তারা দুজনে অন্যের একটি প্রাইভেটকারে উঠে বাড়ি ছাড়েন। সোজা ঢাকায় গিয়ে আত্মগোপন করেন তাসলিমার বোনের বাড়িতে। দেশে ছিলেন ১৮ আগস্ট পর্যন্ত।

একাধিক সূত্রে জানা গেছে, বাদশা ঢাকায় পালানোর পর তাকে ভারতের ভিসা দেওয়া হয়। ১৩ আগস্ট পাসপোর্ট সংগ্রহ করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। তারপর এক মাধ্যমে রাজশাহী থেকে বাদশার কাছে ভিসাসহ পাসপোর্ট পাঠানো হয়। এরপরই দেশত্যাগের সুযোগ খুঁজতে থাকেন বাদশা। ১৮ আগস্ট তিনি ঢাকার বিমানবন্দর দিয়েই স্ত্রীকে নিয়ে নিরাপদে দিল্লি চলে যান।

এদিকে অন্তর্বর্তী সরকার ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে গত বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো থানায় জমার নির্দেশ দেয়। বাদশা ভারতে পালানোর পরও তার আগ্নেয়াস্ত্র রাজশাহীর রাজপাড়া থানায় জমা হয়। বাদশার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রটি থানায় নিয়ে যান সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কামরুজ্জামান কামরুর ভাই সেলিম মনোয়ার। সেলিমকে শহরের কোর্ট কলেজ গভর্নিং বডির সভাপতি বানিয়েছিলেন বাদশা।

সূত্র বলছে, নিরাপদে দেশত্যাগ করতেও ফজলে হোসেন বাদশা বিভিন্নজনের সহযোগিতা পেয়েছেন। এরমধ্যে রাজশাহী ও ঢাকার দুজন প্রভাবশালী বিএনপি নেতার কথা শোনা যায়। তাঁদের সঙ্গে আঁতাত করেছেন বাদশা। এছাড়া আগে ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতা ছিলেন, এখন বিএনপির প্রভাবশালী নেতা- এমন একজনের কথাও শোনা যায়। বাদশা পালিয়ে যাওয়ার পর মাঝে মাঝেই ভারতে যাচ্ছেন তার ঢাকার ব্যক্তিগত সহকারী ময়নুদ্দিন আহমেদ রাসেল। দেশ থেকে নিয়ে যাচ্ছেন বাদশার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিল্লি যাওয়ার পর কলকাতায় আসেন ফজলে হোসেন বাদশা। এখানে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে দেখা করেন। তারপর পশ্চিমবঙ্গের সালারে আত্মীয়-স্বজনের বাড়িতে থাকেন কিছুদিন। এরই মধ্যে কানাডা থেকে দিল্লি আসেন ফজলে হোসেন বাদশার মেয়ে জয়ী। অন্তত ৬ বছর আগেই জয়ীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন বাদশা। মেয়ের সঙ্গে বাদশা ও তার স্ত্রী কানাডায় সেই বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসেন। এরপর ফিরে আসেন দিল্লি। পরে দুবাই ও চীন ভ্রমণ শেষে আবার ফিরে এসেছেন ভারতে। এখন দিল্লি ও কলকাতায় আসা-যাওয়া করেন। দিল্লিতে বাসা ভাড়া নিয়েছেন। কলকাতায় থাকেন আত্মীয়ের বাড়ি।

বাদশার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলকাতায় এলে তিনি রাজশাহীর পলাতক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা ও আয়েন উদ্দিনের সঙ্গে চায়ের আড্ডা দেন। তখন হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দারা, আয়েন ও বাদশা একত্রে হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তখনও বাদশা আগের মতোই রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এসব করে বাদশা ব্যস্ত থাকলেও খোঁজ নেন না নিজ দলের নেতাকর্মীদের।

ফজলে হোসেন বাদশার একনিষ্ঠ কর্মী মো. জাবেদ। ২০ বছরেরও বেশি সময় ধরে বাদশা যেখানে, জাবেদ সেখানেই থাকতেন। উত্তরভূমির কথা হয় জাবেদের সঙ্গে। দুঃখ করে জাবেদ বলেন, ‘বাদশা ভাই ভারতে চলে যাওয়ার পর কোনোদিন আমাদের খোঁজ নেননি। এটা নিয়ে আমরা কষ্ট পাই। কারণ, তার জন্য তো কম করিনি। এখন দুঃসময়ে কেমন আছি তার তো খোঁজ নেওয়া দরকার।’

তিনি বলেন, ‘এই যে একটা ঈদ গেল, তা-ও বাদশা ভাই খোঁজ নেননি। পার্টির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু অস্ট্রেলিয়া চলে গেছেন। সেখান থেকে তিনি একটু সহায়তা করেছেন ঈদ করতে।’

পার্টির আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে উত্তরভূমিকে জানান, ইতোমধ্যে রাজশাহী ও ঢাকার কয়েকজন নেতার সঙ্গে আঁতাত করে ফেলেছেন ফজলে হোসেন বাদশা। তাই তার নামে একটির বেশি মামলা হয়নি। পার্টির রাজশাহীর অন্য নেতাদের নামেও কোনো মামলা হয়নি। অথচ আওয়ামী লীগ আমলে টানা ১৫ বছর তারা রাজশাহী ‘শাসন’ করেছেন।

বিষয়গুলো নিয়ে কথা বলতে ফজলে হোসেন বাদশাকে ফেসবুক ম্যাসেঞ্জারে কল দেওয়া হয়। তবে তিনি কল ধরেননি।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু দাবি করেন, ফজলে হোসেন বাদশা ভারতে চিকিৎসার জন্য আছেন। চিকিৎসার ব্যস্ততার মাঝেও তিনি নেতাকর্মীদের খোঁজখবর রাখেন।