রাজশাহী-৬ আসনে নির্বাচনী উত্তাপ, আক্রমণাত্মক বিএনপি-জামায়াত
রাজশাহীর পদ্মাপাড় ঘেঁষা পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আসন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)। অন্যান্য আসনের মতো এখানেও আগাম নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি, সরব রয়েছে মাঠের রাজনীতি।
একইসঙ্গে পিছিয়ে নেই জামায়াতও। আগেভাগেই মাঠ দখলে নিতে বিএনপি ও জামায়াত নিয়েছে আক্রমণাত্মক কৌশল। ইতোমধ্যে এ দলের নেতাকর্মীদের মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে, যা এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
রাজশাহী-৬ আসনে বিএনপির ঘরেই এই মুহূর্তে সবচেয়ে বেশি মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। ২০২১ সালে রাজশাহী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর যেসব নেতা পদ হারান, তারাই এখন তৃণমূলে ছুটে বেড়াচ্ছেন। নেতাকর্মীদের সংগঠিত করে দলীয় অবস্থান মজবুত করার চেষ্টা করছেন তারা।
রাজশাহী-৬ আসনে ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৪০ হাজার। এই আসনটি চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-
আবু সাঈদ চাঁদ- জেলা বিএনপির আহ্বায়ক ও আলোচিত মুখ। তার বিরুদ্ধে দেশের ১২ জেলায় ৮৫টি মামলা রয়েছে। ২০১৮ সালে দলের মনোনয়ন পেয়েছিলেন, এর আগে দুই মেয়াদে চারঘাট উপজেলা চেয়ারম্যান ছিলেন।
দেবাশীষ রায় মধু- কেন্দ্রীয় বিএনপির সদস্য। কয়েকবার মনোনয়ন চেয়েছেন, এবারও সক্রিয়ভাবে মাঠে আছেন।
গোলাম মোস্তফা মামুন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি বাঘা উপজেলার ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
আনোয়ার হোসেন উজ্জ্বল- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি। চারঘাট-বাঘা এলাকায় গণসংযোগে সক্রিয়।
নুরুজ্জামান মানিক- বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এলাকাভিত্তিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বজলুর রহমান- সাবেক সহসভাপতি, ২০১৮ সালে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এবারও দলীয় প্রার্থিতার আশায় তৃণমূলে কাজ করছেন।
আবু সাঈদ চাঁদ বলেন, “আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু আন্দোলন-সংগ্রামে কাটিয়েছি। দলের পতাকা বুকে ধারণ করে রাজপথে নেমেছি, প্রতিবাদে দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। এই পথচলায় হারিয়েছি অনেক কিছু- জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো। আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৮৫টি মামলা, বারবার কারাবরণ করতে হয়েছে। মায়ের মৃত্যুতে শেষবারের মতো তাঁর মুখ দেখতেও পারিনি। স্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর সময় পাশে থাকতে পারিনি, কারণ তখনও আমি কারাগারে ছিলাম।’’
তিনি বলেন, ‘‘আমি সব সয়েছি, সব ত্যাগ স্বীকার করেছি- শুধু দলের স্বার্থে, মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্নে। এখন যদি দল আমার প্রতি আস্থা রেখে মনোনয়ন দেয়, তবে আমি বিশ্বাস করি- বিজয়ের এক নতুন রেকর্ড গড়তে পারব ইনশাআল্লাহ।”
কেন্দ্রীয় বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন এবং পরে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির একজন সক্রিয় সদস্য। দলীয় মনোনয়ন পেতে এবারও তিনি সক্রিয়ভাবে মাঠে আছেন। তিনি নিয়মিত গণসংযোগ করছেন, এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন।
দেবাশীষ রায় মধু নিজেও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বহুদিন ধরে এ এলাকায় দলের জন্য কাজ করছি। বিভিন্ন সময় দল আমাকে মনোনয়ন না দিলেও আমি কখনো পিছিয়ে যাইনি। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি মাঠে আছি। দল মনোনয়ন দিলে আমি বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।”
দলীয় মনোনয়ন প্রত্যাশায় বিএনপির যে কয়েকজন নেতা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এলাকায় সক্রিয় হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
তিনি জানান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিনি গুলিবিদ্ধ হন এবং একাধিকবার কারাবরণ করেন। তৎকালীন সময়ে তিনি রাজশাহী সিটি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাঘার সন্তান এবং ত্যাগী নেতা হিসেবে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন।
রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল চারঘাট-বাঘা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, “আমি চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্যেই দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। প্রতিকূল পরিবেশে দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম এবং এখনও আছি। আমি চারঘাটের সন্তান- এ এলাকার মানুষের ভালোবাসা ও নেতাকর্মীদের বিপুল সমর্থন আমার প্রেরণা।”
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চারঘাট-বাঘা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তিনি এ লক্ষ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়িয়ে চলেছেন এবং নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে।
মানিকের বাড়ি বাঘা উপজেলায়। এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে তাঁর একটি নিজস্ব বলয় গড়ে উঠেছে। বিশেষ করে বাঘা অঞ্চলে তিনি পরিচিত একটি মুখ।
মানিকের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি দলের নীতিনির্ধারকদের কাছে নিজ অবস্থান তুলে ধরার পাশাপাশি তৃণমূলে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। রাজনৈতিকভাবে বরাবরই সক্রিয় থাকা মানিক এখন অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের।
এদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ নাজমুল হক। তিনি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং তার বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামে। মনোনয়ন ঘোষণার পর থেকেই তিনি সামাজিক ও ধর্মীয় সভা-সমাবেশের মাধ্যমে নিজ অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে, এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম সুরুজ এবং জাতীয় পার্টির পক্ষে জেলা সভাপতি শামসুদ্দিন রিন্টু নিজ নিজ সংগঠনের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। তাদের লক্ষ্য আগামী নির্বাচনে নিজেদের অবস্থান জানান দেওয়া এবং ভোটের সমীকরণে প্রভাব বিস্তার করা।