কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না
কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত দিনগুলোতে নেসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য কোরবানি করা ওয়াজিব। পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করতে হয়। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কোরবানির পশু সুস্থ, সবল ও দৃশ্যমান কোনো শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে।
আল্লাহ তায়ালা কোরআনে বলেন— প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে সেই চতুষ্পদ জন্তু জবাই করার সময়, যা তিনি তাদের জীবিকা হিসেবে দান করেছেন। (সূরা হজ, আয়াত : ৩৪)
কোরবানির পশু নির্বাচনের সময় শুধু দামের দিকে না তাকিয়ে তার শারীরিক গুণাবলি, স্বাস্থ্যের অবস্থা এবং শরিয়াহর দৃষ্টিতে গ্রহণযোগ্যতা যাচাই করাও একান্ত জরুরি।
পশু নির্বাচন করার সময় চেষ্টা করা উচিত যেন সেটি হয়— সুস্থ ও রোগমুক্ত। বাহ্যিকভাবে আকর্ষণীয়, অর্থাৎ দেখতে ভালো। হৃষ্টপুষ্ট ও ভালো মানের। কোনো অঙ্গহানি বা বড় শারীরিক ত্রুটি নেই এমন।
হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) শিংযুক্ত, মোটা-তাজা একটি মেষ কোরবানি করেন, যার চোখ, চেহারা ও পা ছিল মিটমিটে কালো। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩১২৮)