ভারতের মহাকাশ মিশন মাঝ আকাশেই ব্যর্থ
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ মিশন মাঝ আকাশেই ব্যর্থ হয়েছে। উৎক্ষেপণের তৃতীয় ধাপে রকেটের একটি ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি-সি৬১)। মিশনটি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস-০৯ বহন করছিল।
তবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই তৃতীয় ধাপে গোলযোগ দেখা দেয় এবং শেষ পর্যন্ত মিশনটি বাতিল করতে হয়।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে ইসরোর চেয়ারম্যান ভি নারায়নান বলেন, “পিএসএলভি একটি চার ধাপবিশিষ্ট উৎক্ষেপণ যান। প্রথম ও দ্বিতীয় ধাপের পারফরম্যান্স স্বাভাবিক ছিল। তৃতীয় ধাপে মোটর স্বাভাবিকভাবে শুরু হলেও পরবর্তী পর্যায়ে একটি ব্যতিক্রমধর্মী পরিস্থিতি দেখা দেয়, যার কারণে মিশন সম্পন্ন করা সম্ভব হয়নি।”
ত্রুটির ধরন নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে বলেছেন, “আমরা বিশ্লেষণ করছি। পরে বিস্তারিত জানানো হবে।”
ইওএস-০৯ ছিল একটি উন্নতমানের রিমোট সেন্সিং স্যাটেলাইট, যাতে সংযুক্ত ছিল সিন্থেটিক অ্যাপারচার রাডার (এসএআর)। এটি যেকোনো আবহাওয়ায়, দিন-রাত নির্বিশেষে উচ্চ রেজোলিউশনের ছবি তুলতে সক্ষম।
কৃষি, বন ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তার মতো খাতে এর ব্যবহার পরিকল্পিত ছিল।
২০২২ সালে সফলভাবে উৎক্ষেপিত ইওএস-০৪ এর পর এটি ছিল তার পুনরাবৃত্তিমূলক মিশন।
নতুন এই স্যাটেলাইটের মাধ্যমে আরও ঘন ঘন ও নির্ভরযোগ্য ডেটা সরবরাহের লক্ষ্যে কাজ করছিল ইসরো।