কক্সবাজারে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকা বিচ ফুটবল শুরু
কক্সবাজারে অনূর্ধ্ব-১৫ বালক-বলিকা বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে অংশ গ্রহণ করছে দেশের ৮টি বিভাগ।
বুধবার ২১ মে বিকালে সৈকতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, অলিম্পিক, ক্রীড়া পরিদপ্তর ও আট বিভাগের পতাকা উত্তোলন করা হয়।
পরে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা সারাদেশে ফুটবলকে পুনরুজ্জীবিত করতে চাই। এ জন্য দেশব্যাপী আন্ত: জেলা টুর্নামেন্টের আয়োজন করা হবে। যাতে করে ফুটবল আরও জনপ্রিয় হয়ে উঠে। আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের ফুটবল অনেকদূর এগিয়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মোস্তফা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বালক-বালিকা ক্যাটাগরীতে মুখোমুখি হয় ঢাকা এবং বরিশাল। ২য় ম্যাচে মুখোমুখি সিলেট এবং খুলনা। ৩য় ম্যাচে ময়মনসিংহ এবং রাজশাহী এবং ৪র্থ ম্যাচে রংপুর এবং চট্টগ্রাম বিভাগ।
আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।