মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরি অবতরণ

Passenger tries to open plane door in mid-air
অনলাইন ডেস্ক : ২৬ মে ২০২৫ ০৮:১৫ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ২৬ মে ২০২৫ ০৮:১৫ অপরাহ্ন
মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরি অবতরণ
...সংগৃহীত ছবি

মাঝ আকাশে একজন যাত্রী বিমানের দরজা খোলার চেষ্টা করায় একটি জাপানি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। জাপানের টোকিও থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসগামী বিমানটি ওয়াশিংটনের সিয়াটলে জরুরি অবতরণ করে। এয়ারলাইনস ও স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) জানিয়েছে, শনিবার আকাশে থাকা অবস্থায় ‘উন্মত্ত আচরণকারী এক যাত্রীর’ কারণে তাদের ফ্লাইট ১১৪-কে সিয়াটলে ঘুরিয়ে নেওয়া হয়।

পোর্ট অব সিয়াটল পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, এক ব্যক্তি বিমানের বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন। ওই ব্যক্তি ‘চিকিৎসাজনিত সংকটে’ ছিলেন এবং অন্যান্য যাত্রী ও ক্রু সদস্যদের সহযোগিতায় তাকে আটকাতে হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

এএনএ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।’

এর আগে বিমানটি সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অপেক্ষা করার সময় দ্বিতীয় এক ব্যক্তিকেও ‘উচ্ছৃঙ্খল আচরণের’ কারণে বিমান থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিমানটি মূল গন্তব্য টেক্সাসের হিউস্টন শহরের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে পৌঁছয়।

বিবিসি বলছে, এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ঘটেছে। এপ্রিলে ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নগামী জেটস্টার ফ্লাইটে এক যাত্রী মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা করলে বিমানটি ফিরে যেতে বাধ্য হয়। ২০২৩ সালের নভেম্বরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক ব্যক্তি দরজা খোলার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটকে ফেলে এবং ডাক্ট টেপ দিয়ে বেঁধে ফেলে। একই মাসে দক্ষিণ কোরিয়ায় আসিয়ানা এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের ঠিক আগমুহূর্তে এক ব্যক্তি জরুরি দরজা খুলে দিলে ৯ যাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়।