আমীর খসরুর জামিন মেলেনি যে মামলায়

Amir Khosroor was not granted bail
অনলাইন ডেস্ক ২৪ জানুয়ারি ২০২৪ ০৩:২১ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ২৪ জানুয়ারি ২০২৪ ০৩:২১ পূর্বাহ্ন
আমীর খসরুর জামিন মেলেনি যে মামলায়

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় জামিন না হওয়ায় সহসাই কারামুক্ত হচ্ছেন না তিনি।

এদিন নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এর মাধ্যমে ১০ মামলার ৯টিতে জামিন পান তিনি। 

এর আগে গত ১৭ জানুয়ারি পল্টন থানার দুই মামলায় জামিন পান আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরদিন আরও চার মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। ২১ জানুয়ারি আরও দুই মামলায় আদালত তার জামিন দেন। বাকি দুই মামলায় অধিকতর জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে আট মামলায় জামিন পেয়েছেন তিনি। আজ বাকি ২ মামলায় অধিকতর জামিন শুনানির জন্য ধার্য রয়েছে। আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্তিতে আর বাধা থাকবে না।

গত ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।