জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যে টালবাহানা শুরু হয়েছে। সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু গোষ্ঠী সম্ভবত ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। পলাতক স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কীভাবে আদালতকে অবজ্ঞা করা হয়েছে। সে ধারা এখনো চলছে।
তিনি বলেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দেয়ার ঘটনাই তার প্রমাণ। যারা আদালতের নির্দেশ মানে না, তাদের কাছ থেকে আমরা কতটা সংস্কার আশা করতে পারি? পথগত সংস্কারের চেয়ে মানসিকতার সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার সংবিধানে ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক’ লেখা আছে, কিন্তু বাস্তবতা কি তাই? আজ যারা ইশরাকের শপথে বাধা দিচ্ছে, তারা আবারো স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশ এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল শক্তি হলো তারুণ্য ও নারীশক্তি। এ দুই শক্তিকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। তাই তরুণদের আকাঙ্ক্ষা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, গত এক মাসে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের আগের দিন সেখানে বিভিন্ন শ্রেণিপেশার তরুণদের নিয়ে সেমিনারও অনুষ্ঠিত হয়। সেখানে তারা নিজেদের ভাবনা তুলে ধরেন, কীভাবে দেশকে আরও ভালোভাবে এগিয়ে নেয়া যায়। এ আয়োজনগুলো বিএনপির ভবিষ্যৎ চিন্তার প্রতিফলন। আমরা কথার রাজনীতি নয়, বাস্তবায়নের রাজনীতি করছি।
তারেক রহমান বলেন, আজকের তরুণরা শুধু স্বপ্ন দেখতে চায় না, তারা তা বাস্তবায়নেও আগ্রহী। তাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মুক্ত। এ সম্ভাবনাকে কাজে লাগিয়েই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে নিরাপদ কর্মপরিবেশ ও নতুন কর্মসংস্থানের রাজনীতি। তরুণদের জন্য একটি মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি চালু করেন। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার বিস্তারে যুগান্তকারী ভূমিকা রাখেন। তাদের দেখানো পথেই বিএনপি আগামী দিনের পরিকল্পনায় তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিচ্ছে। জনগণই বিএনপির ক্ষমতার উৎস। সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তরুণদের সামনে দলের কর্মপরিকল্পনা তুলে ধরা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে দলের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। তবে সেজন্য প্রয়োজন একটি জবাবদিহিমূলক ও নির্বাচিত সরকার।
তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বিশ্বাসযোগ্যতা তাদের প্রধান পুঁজি। তাই এমন কিছু করবেন না যাতে জনগণের বিশ্বাস নষ্ট হয়। গণতান্ত্রিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। রাজনীতি করতে চাইলে পদত্যাগ করুন, এরপর নির্বাচনে আসুন।
তিনি বলেন, গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু তারা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও নিজেদের প্রতিনিধি বেছে নেয়ার সুযোগ পায়নি। এ বৈষম্য দূর করতেই বিএনপি তরুণদের নিয়ে এগোতে চায়।