দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে বিএসএফের পুশইন
দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ভারতের কুশমণ্ডি থানার গোবরাবিল গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ। তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবির টহল দল। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। নাম ও পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণাঞ্চলের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হুসেইন ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইনের ঘটনা বেড়েছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর সীমান্তেও এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্কভাবে সীমান্ত পাহারা দিচ্ছি এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, গত এক মাসে বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন। এরপর বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
তারা কারও নির্যাতনের শিকার হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আটক ব্যক্তিরা এখন পর্যন্ত কোনো নির্যাতনের কথা স্বীকার করেননি।