কর্মকর্তা-কর্মচারীরা অভিজ্ঞ ব্যক্তিকেই চেয়ারম্যান চান
আওয়ামী সরকারের আমলে দলটির নেতারা শুধু দলীয় পরিচয়েই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হয়েছিলেন। কৃষি ও সেচ নিয়ে কোনো অভিজ্ঞতা নেই- এমন ব্যক্তিও বসেছেন পদটিতে। ফলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বৃহৎ এই প্রতিষ্ঠানটি।
তবে আওয়ামী সরকারের পতনের পর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক এমপি বেগম আখতার জাহানকে। দুই বছরের জন্য চেয়ারম্যান নিযুক্ত হন ড. এম আসাদুজ্জামান, যিনি ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছিলেন। দায়িত্ব পালন করেছিলেন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবেও। নতুন করে বিএমডিএকে সাজিয়ে তুলছিলেন তিনি।
তবে অসুস্থতার কারণে গত ২৩ মে তিনি মারা যান। এতে শোকাহত বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা। এরই মধ্যে এখন নতুন আলোচনা, কে হচ্ছেন বিএমডিএর পরবর্তী চেয়ারম্যান। কর্মকর্তা-কর্মচারীদের আশা, পুরোপুরি রাজনৈতিক বিবেচনায় নয়; অভিজ্ঞ কাউকেই সংস্থার চেয়ারম্যান করা হবে। এক্ষেত্রে বিএমডিএর পরিচালনা বোর্ডে কাজ করা কাউকে চেয়ারম্যান নিযুক্ত করা হলে অভিজ্ঞ ব্যক্তিকে পাওয়া যাবে বলেও মনে করছেন তারা।
বিএমডিএর সূত্রগুলো জানিয়েছে, সংস্থার চেয়ারম্যান হতে ইতোমধ্যে বগুড়ার একজন বিএনপি নেতা মন্ত্রণালয়ে তদবির শুরু করেছিলেন। তবে নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকায় ছিটকে পড়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের একজন জামায়াত নেতাও তদবির করছিলেন। তবে অভিজ্ঞতা না থাকায় তারও সম্ভাবনা কমে গেছে। এখন আলোচনায় আছেন পরিচালনা বোর্ডের একজন সদস্য। অভিজ্ঞতা থাকায় বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরাও তাকে চাচ্ছেন।
বিএমডিএর প্রধান কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘বিএমডিএ উত্তরাঞ্চলের ১৬ জেলায় সেচ কার্যক্রম পরিচালনা করলেও রাজশাহীতে এর প্রধান কার্যালয়। এখানে চেয়ারম্যান হিসেবে রাজশাহীরই মানুষ দরকার। তাহলে আমাদের যোগাযোগটা ভাল হবে। আমাদের প্রত্যাশা একজন সৎ মানুষ এখানে আসবেন। তিনি বিএমডিএর অর্গানোগ্রাম নিয়ে চিন্তা করবেন, প্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়ে কাজ করবেন। তিনি কর্মীদের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি এখানে নিয়োগ নিয়ে দীর্ঘদিনের জটিলতা আছে। সেটা নিরসনে তিনি কাজ করবেন। সর্বোপরি কৃষকের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করবেন।’
বিএমডিএর পঞ্চগড় রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, ‘বিএমডিএ উত্তরবঙ্গের কৃষির চালিকাশক্তি। আমরা গোটা উত্তরাঞ্চলে সেচ দিই। এর মাধ্যমে ৫০ লাখ মেট্রিক টন ফসল উৎপাদন করি। এ রকম একটা দপ্তরে চেয়ারম্যান পদে দ্রুত নিয়োগ প্রয়োজন। আমরা মনেপ্রাণে একজন সৎ ও নৈতিক মানুষ চাই। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কাকে দেবে।
সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতি বিএমডিএর এখনও বড় একটি সমস্যা। কঠোর নিয়ন্ত্রণের অভাবে বিএমডিএর প্রকল্প পরিচালকেরা (ডিডি) দুর্নীতি করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। এর বিপরীতে দফায় দফায় পানির দাম বাড়ানোর কারণে কৃষকের ওপর বাড়তি চাপ পড়েছে। কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে যতবারই সদ্য প্রয়াত চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের দেখা হয়েছে, ততবারই তিনি দুর্নীতির নাগাল টেনে পানির দাম কমানোর নির্দেশনা দিয়েছেন। চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে এ দুটি বিষয় বিবেচনা করা হচ্ছে।
জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহা. শওকত রশীদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিএমডিএর চেয়ারম্যানের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত হয়ে যাবে। সেটা ফাঁকা রাখা যাবে না। তবে কবে হবে তা এখনই বলতে পারছি না। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।’