দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী

8,606 Hajj pilgrims
অনলাইন ডেস্ক : ১২ জুন ২০২৫ ০১:১৩ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১২ জুন ২০২৫ ০১:১৩ অপরাহ্ন
দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী
সংগৃহীত ছবি

পবিত্র হজ পালন শেষে শুরু হয়েছে বাংলাদেশি হজযাত্রীদের দেশে ফেরার যাত্রা। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার (১১ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন হাজি।

ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিলেন ৮৩৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছিলেন ৭ হাজার ৭৬৯ জন হজযাত্রী।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এ পর্যন্ত পরিচালিত হয়েছে ২২টি ফিরতি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১০টি ফ্লাইট।

এয়ারলাইন্সভিত্তিক যাত্রী পরিবহনের হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্স ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে সর্বোচ্চ ৪ হাজার ১২ জন হজযাত্রী।

এদিকে, চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৩ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী।

উল্লেখ্য, হজের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন।

চলতি বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। হজে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ২৯ এপ্রিল, এবং সর্বশেষ ফ্লাইট যায় ৩১ মে।