ভৈরবে ফল ব্যবসায়ীকে হত্যা করার উদ্দেশ্যে অপহরণ করায় আসামীদের বিচারের দাবীতে মানববন্ধন !
কিশোরগঞ্জের ভৈরবে আকবরনগর বাসস্ট্যান্ডে ফল ব্যবসায়ী মোহাম্মদ আলী 'র চোখ উপড়ে ফেলা ও অপহরণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের পাশে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যােগে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৪ জুন বুধবার রাত ১০ টায় কুলিয়ারচর থেকে বাজরা রোডে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় নির্জন স্থানে তাকে হত্যা করার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় মারাত্মক ভাবে জখম করে চোখ উপড়ে ফেলে আসামীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইজু, রুবেল, কামরুল, রাসেল, তারেক-সহ আকবরনগর বাসস্ট্যান্ডে সাধারণ ফল ব্যবসায়ীরা। মানববন্ধনে আহত ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীর ভাই কামাল মিয়া বলেন, আসামি সন্ত্রাসী সায়মন, রিপন ও তার দোসরা পূর্ব শত্রুতার জের ধরে বেআইনীভাবে ও জোর পূর্বক আমাদের উপর অত্যাচার করে আসছে। তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে মধ্যেযুগীয় কায়দায় আমার বড় ভাই -কে হত্যা করার উদ্দেশ্যে অপহরণ করে তার চোখ উপড়ে ফেলে, বর্তমানে আমার ভাই জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি আমার ভাইয়ের উপর নির্মমভাবে হামলাকারীদের বিচার চাই।
এ বিষয়ে, ব্যবসায়ী মোহাম্মদ আলী 'র স্ত্রী বাদী হয়ে কুলিয়ারচর থানায় সায়মন-কে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।