রাজশাহীতে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

Death of a disabled young man
নিজস্ব প্রতিবেদক ১৪ জুন ২০২৫ ০২:০৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ১৪ জুন ২০২৫ ০২:০৮ অপরাহ্ন
রাজশাহীতে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজশাহীর বাগমারায় শিয়াল মারার অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে আবদুল মমিন (৩৮) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি মুরগির খামার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মমিনের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, মমিন মানসিক প্রতিবন্ধি। বিয়ে করেনি। নিজের খেয়ালখুশি মতো চলাফেরা করতো। প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে যেতে। কোনো কোনো দিন ফিরত; আবার কোনদিন ফিরতো না। শুক্রবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে মমিন আর ফেরেননি।

স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে একই গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকাল ১০টার দিকে সেখানে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

অরক্ষিতভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতা ঠিক হয়নি জানিয়ে খামারটির মালিক ইউসুফ আলী বলেন, ঈদের আগে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যায়। শিয়াল প্রতি রাতেই খামারে হামলা দিয়ে মুরগি খায়। গত কয়েক দিনে ৩০০টির অধিক মুরগি খেয়েছে শিয়াল। এ জন্য খামারের পাশে খোলা তার দিয়ে রাত ১২টার পর থেকে ফাঁদ পেতে রাখতেন তিনি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। নিহতের পরিবার কোনো মামলা দেয়নি। তারা ময়নাতদন্তও করতে চায়নি। পরিবার হত্যা মামলা দিলে নেওয়া হবে।