খেতুরধামে বিএনপি নেতার হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহীর গোদাগাড়ীতে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা ও আলোচনা সভায় হামলার অভিযোগ উঠেছে উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়নের বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ও তার ম্যানেজার গোবিন্দ চন্দ্র পালের বিরুদ্ধে।
শনিবার (১৪ জুন) বেলা ১২ টায় মালোপাড়াস্থ নগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা কমিটির আহ্বায়ক শ্রী উপেন্দ্রনাথ মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ জুন শ্রীপাট খেতুরী ধাম প্রেমতলী, রাজশাহীতে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসাবে সদয় সম্মতিক্রমে উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিদায়। কিন্তু সেই আয়োজনে উপজেলা বিএনপি নেতা এহসানুল কবির টুকুর নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেন।
তিনি বলেন, অনুষ্ঠানে আগত ১০ থেকে ১২ হাজার ভক্তগণের জন্য খেতুরী ধামে মহাপ্রসাদ বিতরণের লক্ষে প্রসাদের আয়োজন করার জন্য সকল জিনিস পত্র খেতুরী ধামে নিয়ে গেলে খেতুরী ধামের ট্রাস্ট বোর্ডের সদস্য ও ম্যানেজার গবিন্দ চন্দ্র পাল খেতুরী ধামের গেট বন্ধ করে দেয়। অনেক অনুরোধ ও বোঝানোর পর গেট খুলে খেতুরী ধামের ভিতরে জিনিসপত্র প্রবেশ করা হয় সময় আনুমানিক ২ টার সময়। শ্রীপাট খেতুরী ধামের ভিতরে প্রসাদের আয়োজনের ব্যবস্থা করা হচ্ছিলো এসময় গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়নের বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু তার সন্ত্রাসী দল ও ম্যানেজার গোবিন্দ চন্দ্র পালসহ সকলে সন্ত্রাসী হামলা ও মারধর করে এবং হিন্দু আদিবাসী সনাতনের সদস্য শ্রী সহদেব কুমার পান্নাকে মারধর করতে করতে মন্দির থেকে বাহির করে দেয়। এতে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের উপস্থিত সকলে আতংকিত ও ভয়ে শ্রীপাট খেতুরী ধাম থেকে সকলে চলে যায়। এমতাবস্থায় জীবনের নিরাপত্তা ও ঝুকির কারণে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা অনুষ্ঠান তাৎক্ষনিক ভাবে স্থগিত করা হয়।
এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানান শ্রী উপেন্দ্রনাথ মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী জেলার সভাপতি শ্রী প্রণয় কুমার দাস (আলোক মাস্টার), বৈষ্ণব সৎ সংঘ গোদাগাড়ী উপজেলার সাধারণ সম্পাদক সহদেব কুমার পান্না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, গোদাগাড়ী উপজেলার সদস্য মলিন সরদার প্রমুখ।