'করিডোর ও নিউমুরিং টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না'
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভ করা সত্বেও পরিচালনা করার জন্য বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। বিদেশী কোন কোম্পানির হাতে নিউমুরিং টার্মিনাল তুলে দেওয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলার সভাপতি কমরেড দীলিপ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দীন আহমেদ এর সঞ্চালনায় গতকাল বেলা এগারোটার কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কমরেড মোহাম্মদ শাহ আলম এ কথা বলেন।
শাহ আলম আরও বলেন, করিডোর কোন অন্তর্বতীকালীন সরকারের এজেন্ডা হতে পারে না। করিডোর এতোটাই বিপদজনক যে, এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। পরাশক্তি সমূহের মধ্যে করিডোরকে কেন্দ্র করে অস্ত্রের যে প্রতিযোগিতা শুরু হবে, তা যুদ্ধের পর্যায়ে চলে যেতে পারে। তাতে আমরা গিনিপিগে পরিনত হব। কমিউনিস্ট পার্টি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে দেশের মাটির উপর কোন ধরনের করিডোর ও নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব কোন বিদেশীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মানে না, মানবে না।