ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আরও ৭টি উদ্ধার

Cocktail explosion
অনলাইন ডেস্ক : ১৬ জুন ২০২৫ ০২:২৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৬ জুন ২০২৫ ০২:২৫ অপরাহ্ন
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আরও ৭টি উদ্ধার
....সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের পকেট গেটে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাবির কাজী মোতাহার হোসেন ভবন থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশ।

সোমবার (১৬ জুন) ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ককটেল বিস্ফোরণের সময় পরীবাগ এলাকায় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।  

এ বিষয়ে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, আমাদের টিম আইন অনুষদের সামনে অবিস্ফোরিত ককটেলের খবর পেলে শাহবাগ থানায় অবগত করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে সাতটি ককটেল উদ্ধার করে।

অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, খাবারের দুটি প্যাকেটে এই ককটেলগুলো রাখা হয়। আমরা সিসিটিভিতে দেখছি। সমস্যা হলো ককটেলগুলো যেখানে রাখা হয়েছে, সেদিকে ঘোরানো কোনো সিসিটিভি নেই। তাই কারা এইসময়ে এসেছে এবং বের হয়েছে, তা দেখছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণের খবর আমরা আরেকটু পরে জানতে পারি। সেখানে এ সময় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ফলে তারা এটি বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।