জালিয়াতির মামলায় ৮ জন কারাগারে
রাজশাহী নগরীর হাই মাদ্রাসার পূর্বদিকে দোকান জালিয়াতির অভিযোগের মামলায়, ৮জন গ্রেফতার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাদী মোঃ আওয়াল হোসেন, পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- সিপাইপাড়া, থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী ফায়ার সার্ভিস মোড়ে (বোয়ালিয়া মৌজা) অবস্থিত দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উক্ত দোকান ঘরের মালিক মোঃ মাকসুদুল করিম (সম্রাট) এবং মোঃ শফিকুল ইসলাম ২০২২সালে বাদী ও তার স্ত্রীর নিকট রেজিষ্ট্রি দলিল মূলে বিক্রি করে দিলে তারা তাদের নামে নাম খারিজ করে ব্যবসা পরিচালনা করাকালে আসামী (১) মোঃ মামুনুর রশীদ পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- সিপাইপাড়া, থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী কখনও পিতার নিকট থেকে প্রাপ্ত হবার দাবী করে, আবার কখনও ২-৫নং আসামী যথাক্রমে মোঃ আবু সাইদ কটু, মোঃ মনির শেখ, মোঃ জামাল শেখ, মোঃ হালিম শেখ সকলের পিতা- মৃত ময়েজ উদ্দিন, সাং- সেখপাড়া, থানা- বোয়ালিয়া গণের নিকট থেকে প্রাপ্ত হয়েছেন বলে বাদীর সম্পত্তি দাবী করে এবং সকলে যোগসাজসে ভাড়াটিয়া চুক্তি সহ জাল কাগজাদি সৃষ্টি করে নিজেদের মালিক হিসাবে প্রচার করে। এছাড়াও উক্ত ৫ আসামী সহ অপর ৩ আসামী মোঃ সাব্বির হোসেন, পিতা- মোঃ জামাল সেখ, পালক পিতা- মোঃ মনির সেখ, সাং- সেখপাড়া, মোঃ সুলতান, পিতা- মৃত এমদাদ ও মোঃ শাহীন, পিতা- মৃত মোজাফ্ফর হোসেন বাবলু, উভয় সাং- হোসেনীগঞ্জ, থানা- বোয়ালিয়া একজোট হয়ে বাদীকে তার দোকানে ব্যবসা করতে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে একাধিকবার স্থানীয় ৯নং কাউন্সিলর এর কার্যালয় ও বোয়ালিয়া মডেল থানায় বসা হলেও আসামীগণ নিবৃত হয়নি। ফলে বাদী বিজ্ঞ বোয়ালিয়া আমলী আদালতে সিআর ৭২৪/২৪ নম্বর মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত সহকারী কমিশনার (ভূমি), বোয়ালিয়া -কে তদন্ত পূর্বক রিপোর্ট দিতে বলেন। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(ক)(ঙ), ৫(ঘ), ৭(২) ও ২০(২) ধারায় মামলাটি আমলে গ্রহণ করে আসামীদের প্রতি সমন দেন। পরবর্তীতে গত ০৪/০৬/২০২৫ইং তারিখে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যূর আদেশ দেন।
আজ ১৬জুন তারিখে আসামীগণ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মামুনুর রশিদ এর আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষকে শুনানী করে জামিন এর আবেদন না মঞ্জুর করেন এবং সকল আসামীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আদেশের পর হাতকড়া পরাতে গেলে আসামী মোঃ আবু সাইদ কটু কর্তব্যরত পুলিশের প্রতি মারমুখী আচরণ করে।
আসামী পক্ষে শুনানী করেন এডভোকেট মোঃ সাখাওয়াৎ হোসেন সহ ২জন। বাদী পক্ষে শুনানী করে এডভোকেট মোঃ আরাফাত কবির সুমু, মোঃ শরিফুল ইসলাম বাবুল ও মোঃ মাহমুদুর রহমান রুমন।