জোভান-নীহার ‘মিথ্যে প্রেমের গল্প’ হৃদয় ছুঁয়ে যাবে

Farhan Ahmed Jovan and Nazneen Nahar Niha.
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৫ ০৯:০১ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৫ ০৯:০১ অপরাহ্ন
জোভান-নীহার ‘মিথ্যে প্রেমের গল্প’ হৃদয় ছুঁয়ে যাবে
--------------সংগৃহীত ছবি

ভালোবাসা যদি শুধু মুখে বলা হয় তবে সেটা কতটা সত্য? আর যদি সেই প্রেমের প্রমাণ হয় আত্মত্যাগ, তাহলে তাকে কী বলব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ঈদের নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’-তে।

এ নাটকের চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে সাইফ ও আয়াত নামের দুই চরিত্রকে ঘিরে। সাইফ একজন সাধারণ, সৎ, নীতিবান মানুষ। আয়াতকে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে গিয়ে সে এমন এক দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি। ক্ষমতাবান দুর্নীতিবাজ আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে, সেখান থেকে শুরু হয় মূল গল্প।

ফারহান আহমেদ জোভান বলেন, ‘শান চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম।’

নাজনীন নাহার নিহা বলেন, ‘আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা। একটা মেয়ে যে নিজের সম্মান বাঁচাতে এক ভুল করে ফেলে, কিন্তু সত্যি বলতে পারে না- এই দ্বন্দ্বটা ভেতরে ভেতরে কুঁড়ে খায়। শানের আত্মত্যাগের পর আয়াতের চোখ খুলে যায়, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। এ নাটকটা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।’

নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ভালোবাসা মানে কেবল প্রেমকাহিনি নয়। তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। ‘মিথ্যে প্রেমের গল্প’ বলতে চায় সেই সব মানুষদের কথা, যারা ভালোবাসার জন্য নিঃশব্দে জীবন দিয়ে দেয়, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না।’

আসছে ১৯ জুন ‘মিথ্যে প্রেমের গল্প’ মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।