বারনই নদী বিষাক্ত পানি

রাজশাহী ও নাটোরের তিন লাখ মানুষ চর্মরোগে আক্রান্ত

Suffering from skin disease
নিজস্ব প্রতিবেদক: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন
রাজশাহী ও নাটোরের তিন লাখ মানুষ চর্মরোগে আক্রান্ত
সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীর বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদী। ফলে নদীর অববাহিকায় বসবাসরত রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলার প্রায় তিন লাখ মানুষ জটিল এবং ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হয়েছেন। ছোঁয়াচে হবার কারণে চর্মরোগ দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পুরো শরীরে আক্রান্ত হবার কারণে শিশু-বৃদ্ধসহ সববয়সি মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। নিম্নআয়ের মানুষ করাতে পারছেন না ব্যয়বহুল চিকিৎসা। পাশাপাশি হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। বিভিন্ন রোগে নদীর মাছ আক্রান্ত হওয়ার ফলে বিপন্নের পথে জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা। 

নদী বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী জানান, বারনই নদীটি বরেন্দ্র অঞ্চলের গর্বিত ইতিহাস আর ঐতিহ্যের অংশ। এ নদীটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ অঞ্চলের সভ্যতা। রাজশাহী মহানগরীর নওহাটা এলাকার পাশ দিয়ে যে নদীটি প্রবাহিত হচ্ছে সেটিই বারনই। নওগাঁর পত্নতলা উপজেলার আত্রাই নদী থেকে এর উৎপত্তিস্থল। 

এরপর এটি নওগাঁর মান্দার বিল দিয়ে তানোরের শিবনদে পতিত হয়। পরবর্তীতে রাজশাহীর পবা উপজেলার শিতলাই এলাকার জামদহে নদীতে মিলিত হয়ে নওহাটা এলাকায় বারনই নদী নামে পরিচিতি লাভ করে। বারনই রাজশাহীর পবা ছাড়াও মোহনপুর, দুর্গাপুর, বাগমারা, নাটোরের নলডাঙা এবং সিংড়া উপজেলার বড়ালের শাখা নন্দকুজার সাথে মিলিত হয়েছে। এরপর এটি চলনবিল এলাকায় চলে গেছে। 

অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী মহানগরীর সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, বিসিকসহ অন্যান্য মিল-কারখানার কেমিকেল, গৃহস্থালি আর্বজনা এবং পয়ঃনিষ্কাশনের বিষাক্ত বর্জ্যে দূষিত হয়ে পড়েছে বারনই নদী। মহানগরীর এসব বর্জ্য সিটি হাটের পার্শ্বের ড্রেন দিয়ে দুয়ারি খালে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনের পেছনে পবা গাঙ্গপাড়ার গাঙ্গ দিয়ে বায়া বাজারের পাশের খালে ফেলা হচ্ছে। এরপর সেটি ড্রেন দিয়ে নওহাটায় বারনই নদীতে পড়ছে। এছাড়া পবার কুজকাই খাল, পাকুড়িয়া, দুয়ারী ক্যানেল, বায়া-মহনন্দখালী খাল হয়ে বিষাক্ত বর্জ্য নদীতে এসে পড়ছে। 

এদিকে রাজশাহীর পাঁচটি এবং নাটোরের দুইটি উপজেলার বারনই নদী পাড়ের গ্রামগুলোর মানুষ নদীতে গোসল, গৃহস্থালি এবং কৃষিকাজে ব্যবহার করে আক্রান্ত হচ্ছেন দাদ, শুকনো চুলকানি,  পঁচড়া, স্ক্যাবিস, ফাঙ্গাস, চর্মদল, জকইচসহ নানান ধরনের ভয়াবহ জটিল চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। আর চর্মরোগ ছোঁয়াচে হবার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একটি বেসরকারি সংস্থার হিসেবে মতে, নদী পাড়ে বসবাসরত অন্তত তিন লাখ মানুষ এখন চর্মরোগে আক্রান্ত। 

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বিভিন্ন মহল্লার নানাবয়সি মানুষ বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত। পৌরসভাটির পুঠিয়াপাড়া মহল্লার অন্তত পাঁচ শতাধিক মানুষ আক্রান্ত। এ মহল্লার রাহুল আলী নামের এক শিশু অজানা চর্মরোগে আক্রান্ত হয়েছে। তার মাথা, কপাল, গলা এবং হাত-পাসহ পুরো শরীরে রোগটি ছড়িয়ে পড়েছে। গত ছয়মাস আগে আক্রান্ত হওয়ার পর থেকে শিশুটি দুর্বিষহ জীবন-যাপন করছে।

একই এলাকার শাহীন আলম নামের একজন ভ্যানচালক বলেন, গত একবছর থেকে আমিসহ আমার পরিবারের তিন সদস্য দাদ নামের একটি চর্মরোগে আক্রান্ত। এটি এখন পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ঠিকভাবে রাতে ঘুমাতে পারি না। অনেক ডাক্তার দেখিয়েছি। টাকাও অনেক খরচ হয়েছে, কিন্তু ভালো হইনি। চিকিৎসা চালানোর মত আর্থিক সঙ্গতি এখন আমার আর নেই। শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে খুব কষ্টের মধ্যে আছি। আমার পাশের বাড়ির হেলালের পরিবারের নয়জনেরও একই অবস্থা। তারাও ভালো নেই।

জেলার তানোর উপজেলা সদরের বাসিন্দা মোস্তফা সরকার ফাঙ্গাস নামের একটি জটিল রোগে আক্রান্ত। তিনি বলেন, বারনইয়ের সাথে সংযুক্ত শিবনদীতে আমি একমাস গোসল করেছিলাম। এরপর আমি এ রোগে আক্রান্ত হয়ে পড়ি। দেশে ডাক্তার দেখিয়ে ভালো না হওয়ায় ভারতে যাই। কিন্তু তারপরেও সারে নি। অনেক অর্থ ব্যয় হয়েছে। রোগের কারণে আর  কৃষিকাজ করতে পারি না। এখন আমার আর চিকিৎসা করার সামথ্য নেই।

নাটোরের নলডাঙা উপজেলার রুবিনা বেগম বলেন, আমরা পরিবারের ছয়জন সদস্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর থেকে ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার বলেছেন, চর্মদল নামে আমাদের একটি চর্মরোগ হয়েছে। কিন্তু এ রোগ ভালো হচ্ছে না। আমাদের প্রতিবেশিরাও নানান ধরনের চর্মরোগে আক্রান্ত হয়েছেন। একারণে মনে হচ্ছে, আমরা দুনিয়ায় থেকেও জাহান্নামের আজাব ভোগ করছি। 

এদিকে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন বারনই নদীর অববাহিকায় বসবাসরত মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে। দীর্ঘ সময় নিয়ে করা এ জরিপে রাজশাহী এবং নাটোরের সাতটি উপজেলায় প্রায় তিন লাখ মানুষ জটিল চর্মরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে। 

সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফা বিজলী বলেন, নদীর বিষাক্ত পানি ব্যবহারের কারণে শুধুমাত্র নওহাটা এলাকায় পিছিয়ে পড়া নিম্নআয়ের কয়েক হাজার মানুষ বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়েছেন। অনেক মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আর্থিকভাবে হয়েছেন নিঃস্ব। একারণে গত ১৯ আগস্ট নওহাটায় একটি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ৫০ জন মানুষের চিকিৎসা করানো হয়েছে। তবে আক্রান্তের বিপরীতে এ সংখ্যা অনেক কম। চর্মরোগ দূর করতে সরকারের পক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। 

চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. শওকত হায়দার বলেন, জটিল এ পরিস্থিতিতে চর্মরোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নদীর বিষাক্ত পানিতে গোসল, কাপড় কাঁচা এবং গৃহস্থালি কাজে ব্যবহার করা যাবে না। কৃষিক্ষেত্রেও যেন ব্যবহার না করা হয় সেদিকেও যথাযথ কর্তৃপক্ষকে নজর রাখতে হবে।  এছাড়া নদীর মাছ খাওয়া যাবে না। চর্মরোগ সম্পর্কে এ এলাকার মানুষকে সচেতন করতে হবে। এগুলোই এখন চর্মকার রোগ থেকে প্রতিকার পাওয়ার পথ। 

হেরিটেজ রাজশাহীর সভাপতি নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী সিটি করপোরেশন এবং ওয়াসা কর্তৃপক্ষকে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করতে হবে। এটি না হলে আগামিতে আরও বড় সমস্যার সৃষ্টি হবে। মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। জীববৈচিত্রে বিরুপ প্রভাব পড়বে। 

রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম বলেন, নদীর পানি ব্যবহার এবং মাছ খাওয়ার কারণে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে ক্যাম্প করা হবে। 

এদিকে নদী দূষণের কারণে শুধু মানুষই নয়, বিপন্ন হয়ে পড়েছে এ অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকাও। জেলেরা জানান, কয়েক বছর ধরে বিষাক্ত পানির কারণে রোগে আক্রান্ত হয়ে মাছ মরে যাচ্ছে। নাটোরের সিংড়ার শেরকোল এলাকার জেলে আব্দুল আলিম বলেন, সরকারিভাবে পোনা ছাড়লেও তা বাঁচে না। নদীর মাছ ধরে একসময় সংসার চলত। কিন্তু এখন নদীর মাছ আর মানুষ কিনতে চান না। তাই গত পাঁচ বছর থেকে আমি ভ্যান চালাই।

রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ বলেন, বড়াল নদীর অবাহিকার মানুষকে চর্মরোগ থেকে বাঁচাতে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে ইতোমধ্যে আমরা বর্জ্য শোধনাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। সরকারের সংশ্লিষ্ট দফতরে একটি প্রকল্প পাঠানো হয়েছে। সাহায্য সংস্থা জাইকার সাথে আলোচনা চলছে। আশাকরছি, বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ আমরা অচিরেই শুরু করতে পারব।