জাবিতে ছাত্রদলের র্যাগিংবিরোধী কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে র্যালি ও কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা জানান, শিক্ষাঙ্গনে ভয়ভীতি, মানসিক নির্যাতন ও হুমকির মতো অপসংস্কৃতির জায়গা নেই। নতুন শিক্ষার্থীরা যেন একটি নিরাপদ, সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষা জীবন শুরু করতে পারে, সে লক্ষ্যে এই জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হ্যাপি আক্তার শিলা বলেন, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক হওয়া উচিত। পরিচয় পর্বের নামে র্যাগিং বা হেনস্তার যে সংস্কৃতি জাবিতে চালু ছিল, তা আর ফিরে আসতে দেওয়া হবে না। নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের শিকার হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, র্যাগিং কোনোভাবেই শিক্ষার অংশ হতে পারে না। এটি একটি মানসিক নির্যাতন, যা নতুন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নষ্ট করে। অনেক ক্ষেত্রে তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত করে। বিশ্ববিদ্যালয় হচ্ছে একে অপরকে সহযোগিতা ও সম্মান করার জায়গা। এখানে ভয় দেখিয়ে, অপমান করে ‘বরণ’ করার কোনো সংস্কৃতি চলতে পারে না।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ। আমরা চাই, নবীন শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে এসে আতঙ্কিত না হয়, ভালোবাসা ও বন্ধুত্বের স্পর্শ পায়।