লিপি টুডুর তথ্য অধিকার চর্চার কথা

২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের ভাবনা

Lipi Tudu's Right to Information Practice
বাবুল চন্দধ সূত্রধর ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন বিশেষ সংবাদ
বাবুল চন্দধ সূত্রধর ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের ভাবনা

বাংলাদেশে তথ্য অধিকার আইন, ২০০৯ পাশ হওয়ার পর থেকে দেশের স্ধাারণ জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব অনেকটা কমে এসেছে। এই আইনের প্রয়োগ করে সাধারণ মানুষ তার প্রয়োজন মেটাতে সরকারী ও প্রযোজ্য ক্ষেত্রে বেসরকারী সেবাদানকারী বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে পারছে এবং সংগৃহীত তথ্য কাজে লাগিয়ে নিজের, পরিবারের, গ্রামের এমনকি গোটা এলাকার উপকার করাকে সক্ষম হচ্ছে। ফলে একদিকে দপ্তরে কর্মরত ব্যাক্তিবর্গ কাজে গভীর মনোনিবেশ করছেন,অপরদিকে সাধারণ মানুষের মনে সৃষ্টি হয়েছে আস্থা, যা প্রকৃত নাগরিকত্ববোধের সহায়ক উপাদান বটে। এহেন আস্থা ও আত্মবিশ্বাস থেকে দেশের বেশ কিছু স্থানে তথ্য ̈ অধিকার কর্মী তৈরী হয়েছেন, তথ্য  আবেদন যাদের নেশায় পরিণত হয়ে গেছে। এমনই একজন ব্যাক্তির নাম লিপি টুডু, রাজশাহী জেলার গোদাগাড়ী অঞ্চলে তিনি তথ্য অধিকার আইন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।


অফিসে বসে তথ্য আবেদনের ফরম পূরণ করছেন লিপি টুডু

শ্রীমতি লিপি টুডু (৪৫) একজন সাঁওতাল আদিবাসী নারী। জন্মসূত্রে দিনাজপুরের মেয়ে। ২০০৮ সালে বৈবাহিকসূত্রে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকায় চলে আসেন। ২০১৭ সালে রাজশাহী নিউ ডিগ্রী কলেজ থেকে বি. এস.এস. ডিগ্রী অর্জন করার পর লেখাপড়া আর হয়ে ওঠেনি। বেসরকারী বিভিন্ন সংস্থায় কাজ করার পর ২০১৩ সালে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) সংস্থায় যোগদান করে এখন পর্যন্ত কাজ করছেন । ছোটবেলা থেকেই তার স্বপ্ন  ছিল পিছিয়ে থাকা সাঁওতাল সমাজের জন্য  কিছু করার। তাই ইচ্ছা ছিল আইনজীবী হওয়ার, কিন্তু বাস্তব পরিস্থিতি আর সেটা হতে দেয়নি। কিন্তু দিন নেই রাত নেই যখন যে প্রয়োজনে সমাজ থেকে ডাক আসে, লিপি টুডু সেখানেই উপস্থিত হন। আর, এ কাজে তার মুখ্য সহায়ক তার  স্বামী  শ্রী গণেশ মার্ডি, যিনি জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন। স্বামী - স্ত্রী  দু’জনেই সমাজকর্মী হওয়ায় পরস্পরের কাজে সুবিধা হচ্ছে। রিইব-এর তথ্য অধিকার আইনের ওপর প্রশিক্ষণ পেয়ে লিপি যেন তার সামাজিক কর্মকাণ্ড পরিচালনার আসল হাতিয়ার পেয়ে গেলেন। ইউনিয়ন, উপজেলা, জেলা, মন্ত্রণালয় পর্যন্ত তিনি প্রায় হাজারের কাছাকাছি তথ্য আবেদন করিয়েছেন। এর মধ্যে নিজে আবেদন করেছেন দেড় শতাধিক।



গোদাগাড়ী উপজেলা সম্মেলন কক্ষে বক্তব্য রাখছেন লিপি টুডু

তথ্য আবেদন শুরুর প্রাক্কালে লিপির মাথায় প্রশ্ন এল, এলাকার আদিবাসী ও মূলধারার প্রান্তিক লোকজনের আসল সমস্যা  কি। তিনি বিভিন্ন গ্রামে নিজে গিয়ে সমস্যা তুলে আনলেন। দেখলেন, সরকারের সামাজিক পরিষেবায় বলতে গেলে কারোই অংশগ্রহণ নেই,  অথচ এই কর্মসূচীর অধীনে প্রাপ্তব্য সেবাসমূহে যুক্ত হতে পারলে সমস্যা কিছুটা লাঘব হতে পারে। সেসব সেবা লাভের জন্য তিনি আশ্রয় নেন তথ্য অধিকার আইনের। যার যে সেবা পাওয়ার প্রয়োজন তাকে দিয়ে সে তথ্যই চাইয়ে তথ্য আবেদন করাচ্ছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ছাত্র-ছাত্রীর উপবৃত্তি, বেকারদের প্রশিক্ষণ, রাস্তা নির্মাণ ও সংস্কার , নিরাপদ পানি, পয়:নিষ্কাশন, খাসজমি বন্দোবস্ত সমবায় সমিতি গঠন- এক কথায় মানুষের প্রয়োজনের যত জায়গায় সরকারী পরিষেবার সংযুক্তি রয়েছে, সেসব জায়গায়ই তথ্য আবেদন হয়েছে লিপির মাধ্যমে। তার মাধ্যমে গোদাগাড়ী উপজেলার পাঁচ শতাধিক মানুষ প্রত্যক্ষভাবে ও প্রায় বিশ হাজার মানুষ পরোক্ষভাবে উপকৃত হয়েছেন এসব সেবা গ্রহণ করে।

তথ্য আবেদন করে ও করিয়ে লিপি বেশ কিছু সমস্যার মুখোমুখি হন। একদিন এক তথ্য প্রার্থী ফোনে লিপিকে জানায় যে, অফিস থেকে ফোন করে তথ্য আবেদন কেন করলাম, কে বলেছে আবেদন করার জন্য , এই তথ্য দিয়ে করবেন, এসব প্রশ্ন করে তথ্য নিয়ে আসার জন্য  বলেছে আবেদনকারী নিজে যেতে চাচ্ছেন না। অগত্যা লিপি টুডু সে অফিসে উপস্থিত হয়ে তথ্য চাইলেন। কর্মকর্তা পরিচয় জেনে বললেন, যার তথ্য তারই সংগ্রহ করতে হবে। লিপি বললেন, আবেদনপত্রে তথ্য সংগ্রহকারীর নামটা একটু দেখেন। কর্মকর্তা একটু সময় নিয়ে বললেন, আপনারা সহজ-সরল মানুষগুলোকে  আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন! লিপি জানতে চান, কিভাবে? তারপর কর্মকর্তা বলেন, কোন প্রয়োজন হলে সরাসরি চলে আসবেন, আবেদন করতে হবে না। অত:পর চাহিত তথ্য প্রদান করে লিপিকে বিদায় দেন। এ ঘটনাটি প্রথম দিককার। এরকম বেশ কিছু অফিসে তিনি নিজে গিয়ে তথ্য প্রাপ্তি নিশ্চিত করেছেন। তথ্য আবেদনের জন্য কোন কোন ক্ষেত্রে  স্থানীয় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের নানা ধরনের বিরূপ মন্তব্য ও শুনতে হয়েছে তাকে। বর্তমানে  স্থানীয়  পর্যায়ের সকল অফিসের সাথে সম্পর্ক অনেক ভাল। এখন অনেক অফিসই সাধারণ মানুষকে সরাসরি তথ্য প্রদান করে থাকে।

আবার, সাধারণ মহল থেকেও নানাভাবে প্রতিবন্ধকতা আসে।  স্থানীয় স্বার্থান্বেষী মহল চায় না পিছিয়ে থাকা ও ঘুমন্ত প্রান্তিক বা আদিবাসী জনগোষ্ঠীর লোকজন জেগে উঠুক। ইউনিয়ন ও উপজেলার নানা অফিসে এরা ব্যাক্তিগতভাবে যাওয়া-আসা করে, দাবী জানায়, বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে, এসব দেখে কুচক্রীরা  নানাভাবে তার কাজে বিঘ্ন ঘটাতে চায়।  স্বামী - স্ত্রী উভয়ে যার যার কাজে বের হয়ে যাওয়ার পর দু’বার তার ঘর চুরি হয়- প্রথম বারে ল্যাপটপ, গহনা ও থালাবাসন ও দ্বিতীয়বারে ছাগল নিয়ে যায়।

যা হোক, লিপি টুডুর এহেন তৎপরতা থেকে বেশ ক’জন সমাজকর্মী তৈরী হয়ে গেছেন, যারা তথ্য অধিকারের চর্চা করতে করতে সমাজের নানা সমস্যা  সমাধানের পথে এগিয়ে এসেছেন। তারা বলেন, এখন তথ্য আবেদন না করলেও চলে, কারণ উপজেলা ও ইউনিয়নের প্রায় সবাই আমাদেরকে চেনে। এমনই একজন তালাই কুন্দলিয়া গ্রামের রুনা লায়লা। তিনি বলেন,“লোকজন এসে বিভিন্ন সেবা সর্ম্পকে  আমার নিকট জানতে চায়। আমি সরাসরি সংশ্লিষ্ট অফিসে নিয়ে যাই তাদেরকে। নিজের কানে শুনে আসে। সেবাগুলোর  মধ্যে  রয়েছে কর্মমুখী প্রশিক্ষণ, ভাতা, হাঁস-মুরগীর বাচ্চা বিতরণ, গাছের চারা বিতরণ প্রভৃতি।” অপর একজন পাকড়ী জাওইপাড়ার প্রতিমা বালা- বিভিন্ন অফিসে দেন-দরবার করতে পারা এক সাহসী সেনানী।

এসব তৎপরতা বা উদ্যোগের ফলে গোটা এলাকায় অধিকারের চেতনা জাগ্রত হওয়ার পাশাপাশি শিক্ষা, সংহতি বোধ, পারস্পরিকতা, সম্পধীতি প্রভৃতি বেড়ে গিয়েছে এবং মূলধারা ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যকার সামাজিক ভেদাভেদ অনেকটা কমে এসেছে। দারিদ্র্য বিমোচন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের সাথে সাথে অপর একটি বিশাল কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে, তা হল, তথ্য অধিকার আইনের প্রধান লক্ষ্য স্বচ্ছতা   ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসনের পথে দেশকে এগিয়ে যাওয়ার পথ সুগম করা, প্রশস্ত করা।

লিপি টুডু  স্বপ্ন দেখেন একটি অধিকারভিত্তিক সাম্য সমাজের। তার কথায়, “মানুষের ওপরে কোন সম্পদ নেই। তাই আদিবাসীসহ সকলকে ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা দরকার। দেশের উন্নয়নের জন্য এই গোটা মানবগোষ্ঠীকে সম্পদে পরিণত করার লক্ষ্যে যথাসাধ্য অবদান রাখতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমাদের সরকারের যথেষ্ট প্রকল্পও রয়েছে এ লক্ষ্যে । কিন্তু সাধারণ মানুষের বেশীরভাগ এর কোন খবরই রাখে না। এজন্য প্রয়োজন তথ্য অধিকার আইনকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া। এখনকার যুগে তথ্যই শক্তি, তথ্যই মুক্তি ।”

শিক্ষাজীবনে যে মেয়েটি আদিবাসী বলে এক ধরনের ঘৃণার মধ্যেই ছিলেন, তিনি আজ সকলের প্রিয় এক নারী- আলোকিত মুখ। যে লক্ষ্য , কর্মনিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে লিপি টুডু কাজ করে যাচ্ছেন, তার ফল নিশ্চয়ই তিনি পাবেন। আমরা মনে করি, লিপি টুডুর এগিয়ে চলা মানে দেশের নারীসমাজ তথা গোটা সমাজের এগিয়ে চলা। দেশের ঘরে ঘরে এরকম শতসহস্র   লিপি কাজ করুক, দেশের সকল নাগরিকের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করুক- এটিই প্রত্যাশা।

লেখক পরিচিত :  বাবুল চন্দ্র সূত্রধর মানবাধিকারকর্মী ও গবেষক ।