রাকসু জিতে ক্যাম্পাসেও আধিপাত্য প্রতিষ্ঠার লড়াইয়ে শিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারপাশেই ইসলামী ছাত্রশিবিরের শক্ত ঘাঁটি। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিতে ক্যাম্পাসেও আধিপাত্য বিস্তার করতে চাইছে জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় ঘিরে থাকা জামায়াত-শিবিরের বলয়ের কারণে নির্বাচনে তাদের ভাল ফল হওয়ারও ইঙ্গিত মিলছে।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল ও একটি আন্তর্জাতিক ডরমিটরিতে মোট আসন রয়েছে ৯ হাজার ৬৭৩টি। অর্থাৎ মাত্র ৩২ শতাংশ শিক্ষার্থী আবাসনের সুযোগ পান, বাকিরা অনাবাসিক। এবারের নির্বাচনে এই অনাবাসিক শিক্ষার্থীরাই জয়-পরাজয়ের নির্ধারক বলে অনেকেই মনে করছেন। এক্ষেত্রে বেশি সুবিধা পাবে ছাত্রশিবিরই।
বাইরে শিবিরের বলয়
বিশ্ববিদ্যালয়ের চারপাশে সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ড। এসব এলাকাগুলো জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে বিনোদপুর, মির্জাপুর, কাজলা, বাজে কাজলা, বুধপাড়া, মেহেরচণ্ডী, লেবু বাগান ও ডাঁসমারী এলাকাগুলো জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে বিগত চার দশকে। শিবিরের শক্ত অবস্থানের কারণে বুধপাড়ার একটি অংশ শিবির বুধপাড়া নামে পরিচিতি। আরেকটি অংশের নাম মৌলভী বুধপাড়া। আশির দশকে ক্যাম্পাস থেকে ‘বিতাড়িত’ হওয়ার পর শিবির এসব এলাকায় থাকতে গিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে অনেকে বিয়েও করেছেন এ এলাকায়। তারপর আর তারা নিজের জেলায় ফিরে যাননি। সিরাজগঞ্জ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়াশোনা করতে এসে মৌলভী বুধপাড়াতেই থিতু হয়েছেন আবদুল ওহাব সোহেল। এ এলাকাতেই বিয়ে করেছেন। তিনি ছিলেন রাবি শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার। পরবর্তীতে জামায়াতে ইসলামীর মতিহার থানার আমীর হয়েছিলেন। তিনি এখন কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষক। রাবি শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমানও আর নিজের জেলায় ফিরে যাননি। এ এলাকায় বিয়ে করে থাকেন বিনোদপুরে।
সাবেক এক শিবির নেতার ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের চারপাশে খুঁজলে এমন অন্তত অর্ধশত সাবেক শিবির নেতাকে পাওয়া যাবে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আর ফিরে যাননি। এ এলাকায় বিয়ে করে স্থায়ী হয়েছেন। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মণ্ডলও ঝিনাইদহ থেকে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়তে। ছিলেন রাবি শিবিরের সভাপতি। দলের প্রয়াত এক নেতার মেয়েকে বিয়ে করে তিনি রাজশাহীতেই থেকে যান।
সাবেক ওই শিবির নেতা জানান, একটা সময় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের কোনো প্রভাব ছিল না। কিন্তু হলে সিট না পাওয়া শিবির নেতারাই বিশ্ববিদ্যালয়ের চারপাশে থাকতে গিয়ে জামায়াত-শিবিরের বীজ বপন করে দিয়েছেন। বগুড়ার গাবতলীর জামায়াত নেতা আবদুস সাত্তারের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে জায়গা না পেয়ে আবদুস সাত্তার খড়খড়ি এলাকার একটি বাড়িতে লজিং থাকতে শুরু করেন। তখন এ এলাকায় জামায়াত-শিবির করার মতো কোনো পরিবার ছিল না। এলাকায় রাস্তাঘাট ছিল না। কারও বাড়িতে ভাল শৌচাগার ছিল না। শিবির নেতা সাত্তার নিজ উদ্যোগে এসব সমস্যার সমাধান করতে থাকেন। বাড়ির আশপাশের শিক্ষার্থীদের বিনাপয়সায় প্রাইভেট পড়াতে থাকেন। তার কার্যক্রম দেখে এলাকার বহু শিক্ষার্থী শিবিরে যোগ দেয়। এখন এলাকায় জামায়াত-শিবিরের শক্ত অবস্থান তৈরি হয়েছে।’
কেন ‘বিতাড়িত’ হয় শিবির
রাবিতে ছাত্রশিবিরের রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটে ১৯৭৮ সালের ৬ ফেব্রুয়ারি। চার বছরের মাথায় ১৯৮২ সালেই শিবিরকে ক্যাম্পাস ছাড়তে হয়েছিল। ওই বছরের ১১ মার্চ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল শিবির। এ জন্য আগের দিন প্রচারণা চলছিল। তাতে হামলার ঘটনা ঘটে। তারপরও পরদিন ওই নবীন বরণ অনুষ্ঠান শুরু করা হয়।
অভিযোগ রয়েছে, নবীন বরণ অনুষ্ঠান নিয়ে গণ্ডগোলের আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি বাসে করে বহিরাগত নেতাকর্মীদের নিয়ে এসেছিল শিবির। সেদিন সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের সঙ্গে শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের এক নেতা ও শিবিরের বহিরাগত চারজন কর্মী মারা যায়। এই সহিংস ঘটনায় রাবি প্রশাসন ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। তাই ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়। ক্যাম্পাস ছেড়ে শিবির আশ্রয় নেয় আশপাশের এলাকায়। তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলো শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিতি পায়।
রাবি শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল ‘নৃশংসতার নীরব সাক্ষী’ শিরোনামে একটি প্রবন্ধে লিখেছেন, ‘১১ মার্চে হত্যাকাণ্ডের মাধ্যমে ওরা শিবিরকে উৎখাত করার উদ্দেশ্যে মরণ কামড় দিয়েছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র বুমেরাং হয়েছে।’ আশপাশের এলাকায় শিবিরের শক্ত অবস্থানের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘সেদিন শিবিরের সাংগঠনিক তৎপরতা তারা নিষিদ্ধ করেছিল। শিবির নেতৃবৃন্দ এতে ভড়কে যাননি। সংগঠনকে আরো মজবুত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্যাতিত নিপীড়িত ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায়ও ছড়িয়ে পড়ে। সংগঠনের আদর্শিক সৌন্দর্য ও নিজেদের উন্নত আচরণ, উন্নত নৈতিক চরিত্রের মাধ্যমে শিবির পার্শ্ববর্তী এলাকার মানুষের হৃদয়ে নিজেদের অবস্থান করে নেয়; রচিত হয় শিবিরের প্রাথমিক শক্তিশালী ভিত্তি।’
যোগাযোগ করা হলে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘১৯৮২ সালে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর শিবির আবার ক্যাম্পাসে এসেছিল। বিগত আওয়ামী লীগ সরকার আসার পরেও একটা সময় পর্যন্ত শিবির ক্যাম্পাসে রাজনীতি করেছে। কিন্তু পরবর্তীতে আর সম্ভব হয়নি। এই দীর্ঘ সময়ে শিবির আশপাশের এলাকায় দাওয়াতি কাজ করেছে, শিক্ষার্থীদের কোচিং করিয়ে, গাইড বই দিয়ে কিংবা যে বিপদে পাশে থেকে তাদের সহযোগিতা করেছে। তাই ক্যাম্পাসের চারপাশেও শিবিরের শক্ত অবস্থান তৈরি হয়েছে। জামায়াতের সমর্থক বেড়েছে।’
তবে বিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক করে শিবিরের অবস্থান শক্ত করার বিষয়টিকে ‘অপপ্রচার’ মনে করেন বুলবুল। তিনি বলেন, ‘এটা আসলে অপপ্রচার। আমাদের ওই সময়েও এই অপপ্রচার ছিল। এখনও আছে। এর সাথে রাকসুর কোনো সম্পর্ক নেই। ভোট দেবেন সাধারণ শিক্ষার্থীরা। তারাই শিবিরের কার্যক্রম দেখে তাদের পাশে এসেছেন। তারা যদি ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে বিপুল ভোটে শিবির সমর্থিত প্যানেল জিতবে।’
মাঠে স্থানীয় ‘শক্তি’
রাকসু নির্বাচনে শিবিরকে বিজয়ী করতে মাঠে কাজ করছে ‘স্থানীয় শক্তি’। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের টার্গেট করে জোরেশোরেই প্রচার-প্রচারণা চালিয়েছেন ক্যাম্পাসের চারপাশে থাকা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের। এই সুবিধা অন্য কোনো প্যানেল তেমন পায়নি।
সোমবার সন্ধ্যার পর বিনোদপুর বাজারে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে বসে থাকতে দেখা যায়। ছিলেন শিবিরের মহানগরের নেতারাও। তাদের হাতে হাতে তখন শিবির সমর্থিত প্যানেলের প্রচারপত্র দেখা যায়। সেখানে কথা হয় স্থানীয় একটি মাদ্রাসার সুপার আবদুল করিম সিদ্দিকীর সঙ্গে। তিনি বলেন, ‘শিবিরের প্রত্যেকটি ছেলে আমাদের সন্তান। আমরা চাই এই নির্বাচনে প্রতিটি পদেই শিবিরের প্রার্থীরা জিতে আসুক। এ জন্য আমাদের অবস্থান থেকে যার যতটুকু করার সেটা আমরা করেছি। ভিপি প্রার্থীকে নিয়ে আমরা ভাবছিই না। জিএস কে হচ্ছেন সেটা দেখার বিষয়।’
বাইরে জামায়াত-শিবিরের এমন প্রচারণার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বামধারার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, ‘এটা শিক্ষার্থীদের নির্বাচন। কিন্তু এখানে শিবিরের স্থানীয় লোক বা সাবেক ছাত্র যারা প্রচারণায় অংশ নিচ্ছেন তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু এসব প্রকাশ্যে হলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা প্রচারণায় অংশ নিচ্ছেন, এটা সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করে। কিন্তু এই বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।’
শতভাগ আশাবাদী শিবির
ছাত্রশিবির ও ছাত্রদল রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের সবগুলোতেই প্রার্থী দিয়েছে। শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী হয়েছেন সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ নিজেই। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী হয়েছেন সংগঠনের রাবি শাখার সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির। এই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী শিবির। ছাত্রদলও অবশ্য নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।
এ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনের কোনো প্যানেল নেই। এনসিপির রাজশাহী মহানগরের এক নেতা বলেন, ‘এমনিতেই ছাত্রশিবির স্থানীয় বলয়ের একটি সুবিধা পাচ্ছে। স্থানীয় শেল্টার নিয়ে তারা সাধারণ শিক্ষার্থী হিসেবেই ক্যাম্পাসে থেকে সংগঠন গুছিয়েছে। শিবিরের ভিপি প্রার্থী সভাপতি নিজেই। তার সামনে এখন অনেকটাই নবীন মুখ ছাত্রদলের ভিপি প্রার্থী আবির। ফলে ছাত্রশিবিরের প্যানেল ভাল করবে।’
শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা আমাদের প্যানেলের শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।’ ক্যাম্পাসের চারপাশে জামায়াত-শিবিরের শক্ত অবস্থানের কারণে আলাদা কোনো সুবিধা পাওয়া যাবে কি না, এ প্রশ্নে তিনি বলেন, ‘যে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে আশপাশে থাকেন, তাদের কাছ থেকে তো একটা সুবিধা পাওয়া যাবেই।’
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘গত কয়েক দিন ধরে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুখে মুখে শুধু আমাদের প্যানেল নিয়েই আলোচনা। তারা সবাই বলছেন, আমাদের প্যানেল গ্রহণযোগ্য হয়েছে। তারা এটাকে নিজেদের প্যানেল ভাবছে। সবাই আমাদের অগ্রীম শুভেচ্ছাও জানাচ্ছেন। আমরা আশাবাদী।’
শেষদিনে জমজমাট প্রচারণা
রাকসু নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে গতরাত ১২টায়। এর আগে মঙ্গলবার দিনভর প্রার্থীদের ক্যাম্পাসে প্রার্থীদের জমজমাট প্রচারণা দেখা গেছে। তারা বিভিন্ন অনুষদ, বিভাগ, চত্বর ও শিক্ষার্থীদের সমাগমস্থলে প্রচারণা চালিয়েছেন। শিক্ষার্থীদের মন জয় করতে ১১ প্যানেলের প্রার্থীরা এ দিন হাসিমুখে কুশল বিনিময় করেছেন। চেয়েছেন সমর্থন।
আগের রাতে ক্যাম্পাস থেকে শিবিরের পাঁচ বস্তা খাবারের প্যাকেট জব্দ করে নির্বাচন কমিশন। মঙ্গলবার ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলে রাব্বি। দুপুরে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বলেন, দুজনের ইশতেহার মিলে যাওয়ায় এ সিদ্ধান্ত।
তফসিল অনুযায়ী আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ওএমআর মেশিনে ভোট গণনায় সময় লাগতে পারে ১৪ থেকে ১৬ ঘণ্টা। এ সময়ে ক্যাম্পাসে মোতায়েন থাকবে দুই হাজারের বেশি পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব সদস্য।
সূত্র : উওরভূমি