কক্সবাজার আইকনিক রেলস্টেশন চালাবে বিদেশি প্রতিষ্ঠান ॥ আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি
দেশের প্রথম আন্তর্জাতিক মানের কক্সবাজার আইকনিক রেলস্টেশনের বেশিরভাগ স্থাপনা এখনো অচল অবস্থায় পড়ে আছে। উদ্বোধনের প্রায় দুই বছর পরও পুরোপুরি চালু হয়নি স্টেশন ভবনের কার্যক্রম। রেলওয়ে জানিয়েছে, এটি পরিচালনায় বাংলাদেশ রেলওয়ে সক্ষম নয়। তাই স্টেশনটি বাণিজ্যিকভাবে লাভজনক করতে বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্টেশন পরিচালনার দায়িত্ব দিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। অনুমোদনের জন্য তিন দফা চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দরপত্র আহ্বান করা হবে। এতে হোটেল বা বাণিজ্যিক স্থাপনা পরিচালনায় অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। দেশীয় প্রতিষ্ঠান চাইলে বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে (জয়েন্ট ভেঞ্চার) অংশ নিতে পারবে।
২০২৩ সালের ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধন হয়। ওই বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘পর্যটক’ এবং ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চলাচল শুরু হয়। তবে রেলস্টেশনের বাণিজ্যিক ও সেবা কার্যক্রম এখনো চালু হয়নি।রেলওয়ের হিসাবে, স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু হলে ইউটিলিটি খাতে প্রতি মাসে ১০ থেকে ১২ কোটি টাকা ব্যয় হতে পারে, যা সংস্থার পক্ষে বহন করা সম্ভব নয়। এ কারণে তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, স্টেশনটির ছয়তলা ভবনের নিচ তলায় দোকান, এটিএম বুথ, ডাকঘর, লাগেজ লকার ও যাত্রী বিশ্রামাগার থাকার কথা। ওপরের তলাগুলোতে রয়েছে হোটেল কক্ষ, অফিস স্পেস, মাল্টিপারপাস হল, ফুড কোর্ট ও রেস্টুরেন্টের জায়গা। ভবনের বাইরে প্রশাসনিক ভবনসহ রয়েছে আরও ১৭টি স্থাপনা। সব মিলিয়ে ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশন ভবনের বেশিরভাগ সুবিধা এখনো অচল।এই স্টেশন ১৮ হাজার ৩৪ কোটি টাকার দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অংশ, যেখানে কাজ করেছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি), চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) এবং বাংলাদেশের তমা কনস্ট্রাকশন ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “আমরা চাই দক্ষ ও অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান স্টেশনটি পরিচালনা করুক। দেশীয় প্রতিষ্ঠানও অংশ নিতে পারবে, যদি তারা বিদেশি অংশীদারের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আসে। দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই প্রকাশ করা হবে।