সংসদ নির্বাচনে বিএনপি থেকে ৫ শতাংশ শিক্ষককে মনোনয়ন দাবি

Demand for nomination of 5 percent of teachers
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন
সংসদ নির্বাচনে বিএনপি থেকে ৫ শতাংশ শিক্ষককে মনোনয়ন দাবি
সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনে ৫ শতাংশ শিক্ষককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন এ দাবি জানান। 

লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, শিক্ষকরা দেশের বিবেক। শিক্ষকরা সমাজের নৈতিক ও বৌদ্ধিক নেতৃত্ব দেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরইমধ্যে ৩১ দফা প্রস্তাবনার মধ্য দিয়ে একটি নতুন, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কারের যে পরিকল্পনা দলটি ঘোষণা করেছে, তাতে শিক্ষকদের অংশ নিলে নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে, এমন বিশ্বাস শিক্ষাঙ্গণের সবারই।

মনোনয়ন দেওয়ার বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন এই শিক্ষক নেতা। তিনি বলেন, গত ১৭ বছর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বহু নেতা হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, দীর্ঘ কারাবাসসহ মারাত্মক হয়রানি সহ্য করেছেন। অনেকে চাকরি হারিয়েছেন, পরিবারে অর্থনৈতিক অনিশ্চয়তা নেমে এসেছে, কিন্তু তারা আন্দোলনের পথ ছাড়েননি। আজ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, যখন নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা সামনে-তখন এই ত্যাগী, স্বচ্ছ, নীতিবান শিক্ষক নেতাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা অত্যন্ত জরুরি। 

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- যারা ত্যাগ করেছেন, সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য নিজেদের জীবন-জীবিকা ঝুঁকিতে ফেলেছেন, তারাই নতুন রাষ্ট্র গঠনে সবচেয়ে যোগ্য নেতৃত্ব দিতে পারেন। এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতাদের কাছে দাবি জানাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্যাগী শিক্ষক নেতানেত্রীকে মনোনয়ন দিতে হবে। 

তিনি আরও বলেন, বিএনপি ২৩৭টি মনোনয়ন ঘোষণা করলেও এখনও সুযোগ রয়েছে শিক্ষক সমাজকে মূল্যায়ন করার। আমরা আশা করবো বিএনপি দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী শিক্ষকদের মনোনয়নের মাধ্যমে মূল্যায়ন করবে।