আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে

The country will face a terrible disaster.
অনলাইন ডেস্ক ১৫ নভেম্বর ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১৫ নভেম্বর ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ন
আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
সংগৃহীত ছবি

দেশে বর্তমানে রাজনৈতিক সংকট চলছে। এই সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে কিংবা কোনো পক্ষের অপকৌশল বা ষড়যন্ত্রের কারণে আগামী সংসদ নির্বাচন বানচাল হলে গোটা দেশকেই এর চরম মূল্য দিতে হবে। তখন দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তারা এসব কথা বলেন। জনসভায় জোটের পক্ষ থেকে ১৩ দফা দাবি ঘোষণা করা হয়।

জনসভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। 

মাওলানা এম এ মতিন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্নের বাংলাদেশ এখনো অধরা রয়ে গেছে। দেশে খুব বেশি কিছু বদলায়নি। বরং দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন-সন্ত্রাস আরও বেড়েছে। সরকারের কিছু উপদেষ্টার দলঘেঁষা ও পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু, অবাধ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার কারও এজেন্ডা বাস্তবায়নে না গিয়ে জনপ্রত্যাশার আলোকে পদক্ষেপ নেবে- এটাই দেশবাসী দেখতে চায়।

মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি বলেন, দেশে কোটি তরুণ-যুবক আজ বেকার। দিন দিন বাড়ছে দারিদ্র্য। গত সোয়া এক বছরে সারাদেশে শত শত মিল-কারখানা বন্ধ হয়ে লাখ লাখ মানুষ কর্মহীন হলেও সরকারের এদিকে দৃষ্টি নেই। তাছাড়া, বর্তমান সময়ে কবরের লাশও নিরাপদ নয়। কবর থেকে লাশ তুলে উল্লাস করে পুড়িয়ে ফেলার ঘৃণ্য দৃষ্টান্ত অতীতেও কখনো দেখা যায়নি।