ভূমিকম্পের ‘ট্রমা’ যেভাবে কাটিয়ে উঠবেন
ভুমিকম্পের পর মানুষজনের মধ্যে দেখা দেয় তীব্র আতঙ্ক। অনেকেই নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ রাতে ঘুমাতে গিয়েও আতঙ্ক অনুভব করেন। সবারই মনে দুশ্চিন্তা আবারও যদি হয় ভূমিকম্প তাহলে কী করবেন? বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের ট্রমা থেকে মুক্তি পাওয়া যায় ধৈর্য, সচেতনতা এবং সঠিক মানসিক যত্নের মাধ্যমে।
ভূমিকম্পের ট্রমা কাটিয়ে উঠতে করণীয়
১.নিরাপদ জায়গায় থাকা: ভূমিকম্প পরবর্তী সময় আতঙ্কজনক হলেও নিজেকে এবং পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ: গভীর শ্বাস-প্রশ্বাস এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ার ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে।
৩. পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলা: নিজের অনুভূতি ভাগ করে নেওয়া মানসিক চাপ কমায়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সঙ্গে সংবেদনশীলভাবে যোগাযোগ রাখা প্রয়োজন।
৪. সীমিত সংবাদ গ্রহণ: ভূমিকম্প সংক্রান্ত অতিরিক্ত সংবাদ মনকে আরও চাপ দিতে পারে। প্রমাণিত ও প্রয়োজনীয় তথ্যের ওপর মনোযোগ দিন।
৫. নিয়মিত ঘুম ও খাবার: সুস্থ খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে।
৬. পেশাদার মানসিক সহায়তা: দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা, আতঙ্ক, রাত্রি জাগরণ বা উদ্বেগ থাকলে মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন।
৭. শান্ত পরিবেশে সময় কাটানো: প্রকৃতির সঙ্গে সময় কাটানো, হালকা ব্যায়াম বা মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে।