এনার্জি পেতে রোজ সকালে খেতে পারেন দুটি খেজুর
আমরা প্রতিদিন যা কিছু খাই তার প্রভাব পড়ে শরীরে। আর এই ডায়েটই আমাদের স্বাস্থ্য ধরে রাখে। তাই খালি পেটে সঠিক খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা ভীষণ জরুরি। তবে সব সময়ে যে দামি খাবারই খেতে হবে, এমন কোনো নিয়ম নেই।
বরং, দুটি সাধারণ খেজুর খেলেই শরীরে আমূল পরিবর্তন দেখতে পারেন। ব্রেকফাস্টের সঙ্গে বা ব্রেকফাস্টের আগে দুটি খেজুর খেলেই শরীরের হাল বদলে যেতে পারে।
খালি পেটে দুটি খেজুর খেল কী কী উপকার পাবেন
এনার্জি বুস্টার
চা-কফির চেয়ে শরীরে দ্বিগুণ এনার্জি এনে দেয় খেজুর। এই ড্রাই ফ্রুটসের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ রয়েছে, যা শরীরে শক্তি জোগানোর কাজ করে।
দিনের শুরুতে খেজুর খেলে সারা দিন চনমনে থাকতে পারবেন। এ ছাড়া খেজুরে ফাইবার ও মিনারেল রয়েছে, যা একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে।
খিদা নিয়ন্ত্রণে করে
সারা দিন খাই খাই অভ্যাস বাদ দিতে সাহায্য করে খেজুর। দিনের শুরুতে খেজুর খেলে পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে।
মূলত খেজুরে থাকা ফাইবার ধীরে ধীরে হজম হয়। তাই অহেতুক খাবার খাওয়ার প্রবণতা রুখে দিতে সক্ষম দুটি খেজুর।
অন্ত্রের জন্য উপকারী
প্রতিদিন সকালে পেট পরিষ্কার না হওয়ার ঝামেলা সমাধান করতে পারে খেজুর। খেজুরের মধ্যে ডায়েটরি ফাইবার ও প্রয়োজনীয় অ্যামিনো এসিড রয়েছে। এগুলো হজম স্বাস্থ্য উন্নত করে।
পাশাপাশি খেজুর অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং খাবার থেকে পুষ্টি শোষণে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা থেকে মুক্তি দেয় এই খেজুর।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
খেজুরের মধ্যে ফ্ল্যাভনয়েড, ক্যারোটেনয়েড, ফেনোলিক এসিডের মতো অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এগুলো শরীরের অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে করে এবং কোষের ক্ষয় প্রতিরোধ করে। এর জেরে ক্রনিক অসুখের ঝুঁকি সহজেই এড়ানো যায়। এ ছাড়া মৌসুমি রোগ, সংক্রমণের হাত থেকেও শরীরকে সুস্থ রাখে খেজুর।
সবাই কি খালি পেটে খেজুর খেতে পারে?
ডায়াবেটিক রোগীদের খালি পেটে খেজুর বা মিষ্টি স্বাদের খাবার খাওয়া উচিত নয়। রক্তে শর্করার মাত্রা ঊর্ধ্বমুখী হলেও খেজুর এড়িয়ে চলাই ভালো। এ ছাড়া যে কেউ সকালে খালি পেটে খেজুর খেতে পারেন।
সূত্র : এই সময়