রাজশাহী স্বার্থ সংরক্ষণে ৩৮ দফা
রাজশাহী সকল শ্রেনী পেশার মানুষের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতে আমরা রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ৩৮ দফা উত্থাপন করেছি। প্রয়োজনে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে দাবি আদায়ে অতীতের মত আন্দোলনের ডাক দেওয়া হবে।
আমাদের দাবীগুলি :
১। সরাসরি নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল সরকারী প্রতিষ্ঠান সমূহে, নাগরিক সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে, প্রতি মাসে একটি গণশুনানি করতে হবে।
২। গণশুনানী ব্যাতিরেকে রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। হোল্ডিং ও পানির ট্যাক্স কমাতে হবে।
৩। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি সহ অটো ও অটোরিক্সার নিবন্ধন ফি কমাতে হবে।
৪।অটো ও অটোরিক্সা চালকদের ট্রাফিক আইন বিষয়ে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
৫। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করতে হবে।
৬। নাগরিক নিরাপত্তার স্বার্থে সকল ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা পুনঃস্থাপন করতে হবে।
৭। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে, যানজট নিরসনে ফুটপাত ও রাস্তার উপর থেকে হকার ও ব্যবসায়ীদের পূণর্বাসন সাপেক্ষে তুলে দিতে হবে।
৮। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ ওয়ার্ডে ওয়ার্ডে মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং স্কুল ও কলেজগামী ছাত্রীদের রাস্তায় চলাচল ও বখাটে ছেলেদের ইভটিজিং এর কবল থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯।রেলগেট, ভদ্রা, তালাইমারী, পদ্মা নদীর তীরবর্তী পর্যটন এলাকা এবং কোর্ট সহ সকল জনবহুল এলাকায় যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা, সুপেয় পানি এবং সকল স্কুল ও কলেজগুলোতে শৌচাগার সহ সকল সংস্কার করতে হবে।
১০। মশক নিধন সহ অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প তৈরি করে আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১১। বিদ্যুতের মিটার চার্জ সহ সকল ধরনের অতিরিক্ত চার্জ বাতিল করতে হবে।
১২। রাজশাহীর প্রত্যেকটি ওয়ার্ডে আলোকায়নের ব্যবস্থা করতে হবে।
১৩। রাজশাহী সিটি কর্পোশেনের প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোকে সচল করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
১৪। রাজশাহী সিটি কর্পোরেশন ফ্লাইওভার, শাহ্ মখদুম দরগা মসজিদ সহ অন্যান্য প্রতিষ্ঠানের টেন্ডারকৃত সকল চলমান প্রকল্প সমূহ দ্রুত সম্পন্ন করতে হবে।
১৫। রাজশাহী সিটি কর্পোরেশন, আর.ডি.এ, বরেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড সহ সকল ডিপার্টমেন্টের গত ১৫ বছরের উন্নয়ন কাজের হিসাব দিতে হবে।
১৬। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে কমপক্ষে দুইটি করে পুকুর জনগণের জন্য নির্ধারণ সাপেক্ষে উম্মুক্ত করতে হবে ।
১৭। রাজশাহী মহানগর সহ সমগ্র জেলায় তালিকাভুক্ত পুকুরসমূহ সংরক্ষণ করতে হবে।
১৮। অবিলম্বে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।
১৯। অবিলম্বে চিকিৎসা নীতি প্রণয়ন করে চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্যিকি করণ বন্ধ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ সরকারী হাসপাতাল সমূহে সকল অব্যবস্থাপনা নিরসন করে চিকিৎসাকে সহজলভ্য ও জীবন রক্ষাকারী পর্যাপ্ত ঔষধ সরবরাহ সহ বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
২০। অবিলম্বে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালু সহ বেসরকারী উদ্দ্যেগে রাজশাহীতে প্রতিষ্ঠিত হার্ট ফাউন্ডেশন, ডায়াবেটিক ও ক্যান্সার হাসপাতালে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে চিকিৎসা সুবিধা নিশ্চিত করে চিকিৎসা সহজলভ্য করতে হবে।
২১। রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
২২। দুর্নীতির আখড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৫ হাজার কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মধ্যে দিয়ে প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ করতে হবে এবং আমসহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠার জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
২৩। কৃষকদের সমবায় ভিত্তিতে সংগঠিত করে কৃষকদের জন্য কৃষি বাজার প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
২৪। বন্ধ রেশম শিল্প কারখানা ও পাটকল পূর্ণ উদ্দ্যেগে চালু করে, স্থানীয় বেকার যুবকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২৫। রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (Artificial Intelligence Technology) সাবজেক্ট চালু এবং রাজশাহীতে স্থাপিত আইটি ভিলেজকে পূর্ণাঙ্গরূপ দিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে।
২৬। বৈদেশিক চাকুরীতে আঞ্চলিক বৈষম্যদূর করে রাজশাহী তথা উত্তরাঞ্চলের বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করে, নির্বাচিত যুবকদের বৈদেশিক চাকুরীর জন্য ব্যাংক ঋণ প্রদান করতে হবে।
২৭। রাজশাহীতে খেলাধুলার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক খেলার মাঠের ব্যবস্থা করতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় নতুন খেলোয়াড় প্রশিক্ষিত করতে হবে।
২৮ । রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার গত ১৫ বছরের খরচের হিসাব প্রদান করতে হবে।
২৯। রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।
৩০। রাজশাহীর শিল্পকলা একাডেমিকে বহুমুখী সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যাপ্ত লোকবল নিয়োগ করতে হবে।
৩১। রাজশাহীতে টেলিভিশন রিলে সেন্টারটিকে পূর্ণাঙ্গ টেলিভিশন ষ্টেশনে রুপান্তরিত করতে হবে।
৩২। রাজশাহীর সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন ও নিরাপদ করতে বনপাড়া থেকে সোনামসজিদ পর্যন্ত রাস্তাটিকে চার লেনে উন্নীত করতে হবে।
৩৩ । রেল যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ডুয়েল রেল লাইন স্থাপন এবং ব্রডগেজ রেল লাইনের মধ্য দিয়ে মিটার গেজ রেল লাইন স্থাপন করতে হবে।
৩৪। রাজশাহী বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর সহ কার্গো বিমানবন্দর করতে হবে।
৩৫ । স্বার্থান্বেষী মহলের প্রভাব ও ঘুষ-দূর্নীতিমুক্ত হয়ে সুষ্ঠুভাবে ভূমি জরিপ কাজ (বি.ডি.এস) সুসম্পন্ন করতে হবে।
৩৬ । মরণ বাঁধ ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাওয়া নদী-নালা, খাল-বিল, পুকুর, পুস্কুনি পুনঃখনন করতে হবে এবং মরুকরণ রুখতে বৃক্ষ নিধন বন্ধ ও ব্যাপক বৃক্ষ রোপন করতে হবে।
৩৭। রাজশাহী অঞ্চলের সকল ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণ করতে হবে।
৩৮ । বিসিক-২ তে বরাদ্দ স্বচ্ছতার ভিত্তিতে পুনঃবন্টন এবং ই.পি.জেড. স্থাপন করতে হবে।