অজানার উজানে সাংবাদিক মঞ্জুরুল হক

Manjurul Haque
রাজিয়া বেগম ১০ ডিসেম্বর ২০২৫ ০৬:২১ অপরাহ্ন মতামত
রাজিয়া বেগম ১০ ডিসেম্বর ২০২৫ ০৬:২১ অপরাহ্ন
অজানার উজানে সাংবাদিক মঞ্জুরুল হক
অজানার উজানে সাংবাদিক মঞ্জুরুল হক

“গগণে গরজে মেঘ ঘন বরষা। কুলে বসে আছি নাহি ভরসা…” কাটিতে কাটিতে ধান এল বরষার মতই ফিরে আসে ১১ ডিসেম্বর। দিনটি ভাই সাংবাদিক মঞ্জুরুল হকের চীর বিদায়ের দিন। আজও সে অনেকের মনে গভীর মমতার বাঁধনে জরিয়ে আছে। ভক্ত শিশ্যদের কাছে আজও সে গুরু, মামা। ডিসেম্বর স্বজন হারানোর কষ্ট আর বিজয়ের আনন্দে মাখা নানা স্মৃতির মাস। অনেকেই ডুবে যান এই মাসের নানা স্মৃতির সাগরে। ছোট বেলায় ধবধবে ফরসা টোপা টোপা গোলাপী গাল, কুচকুচে কালো কোঁকড়ানো মাথা ভরা চুলের শান্ত ছেলে ছিল মঞ্জুর। শুরুতে যেমন ছিল, তার শেষ টা ছিল অন্যরকম। আব্বা জহির উদ্দিন বিশ্বাস ছিলেন ওপার বাংলার নাম করা রাজনীতিবিদ, আইনবিদ। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারীর নেতা। অখন্ডভারতে তখন চলছিল ব্রিটিশ বিরোধী আন্দলন। আমি আর মুঞ্জুর তখন অনেক ছোট। তেমন কিছুই না বুঝলেও ওকে সারাদিন মুখস্ত করাতাম “ব্রিটিশ ভারত ছাড়ো, লাড়কে লেঙ্গে পাকিস্তান”। ও ছোট কাঠিতে চাঁদ তারা আঁকা সবুজ পতাকা নিয়ে বাড়ীর উঠানে মিছিল করে বলত “বিতিস ভারত ছাড়” । একবার বড়দের মিছিলে গিয়ে হাঁটতে না পেড়ে কাঁদতে থাকলে বড় একজন কোলে নিয়ে বলেন আমাদের লিডারের ছেলে। আদিবাসীদের মাটির পাহাড়ে কি আছে দেখতে গিয়ে সন্ধ্যা হয়ে যাওয়ায় দুইজনে মিলে কাঁদার সময় পরিচিত একজন বাড়ীতে পৌঁছে দিলেন। ছোট বেলায় ওর খুব ইচ্ছা ছিল অনেক দূরে গিয়ে নতুন কিছু দেখার,শেখার। বৈশাখ মাসে ভাগিরথি নদীতে পানি থাকত না। বড় ভাই (ভাষা সৈনিক, তত্যাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি হাবিবুর রহমান শেলী) এর সাথে প্রতিদিন বিকালে “আমাদের ছোট নদী…” কবিতা শুনতাম আর বেড়াতাম। ও পানি ভয় করত। জোর করে ওকে পানিতে হাটিয়ে ভয় ভাঙিয়েছিলাম। শ্মশানের আগুন দেখে ভুত মনে করে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে বাড়ি ফিরে মার কাছে বকা খেয়েছিলাম।  তবুও পাহাড়ে কি আছে, নদীর ওপারে কি আছে জানার আগ্রহ শেষ হয়নি। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। সার্কাস দেখে এসে ও সঙ্গিদের নিয়ে সার্কাসের মত খেলা করার সময় বড় ভাই (দাদা) সহযোগিতা করতেন। দুজনে পুকুরে গসল করার সময় পানির মধ্যে কি আছে আমি তা দেখার চেষ্টা করলেও ও চোখ খুলতোনা। গামছা দিয়ে মাছ ধরার চেষ্টা করতাম। চার-পাঁচটা চিংড়ি ছাড়া কিছুই পেতাম না। শাপলা পাতায় মাছ গুলি যত্ন করে বাড়িতে আনতাম। আমরা কখনও কেও কাওকে ছাড়তাম না। কপালে ছিল টিপ বুক ভরা ভালোবাসা চোখ ভরা পানি। পুতুলের বিয়েতে পুতুলের পোশাক নিয়ে মারামারি করলে মায়ের মার খেয়ে দুজনে কাঁদতাম। আব্বা মাকে বলতেন ওরা ছোট, থাকনা। রাগ করে দুজনে লেবু গাছের নিচে দিদি (বড় বোন) ও মায়ের আয়া সুখি মায়ের জন্য অপেক্ষা করতাম। মঞ্জুর ছিল খুবি পাতলা। দাদু তাই আদর করে ওকে ডাকতেন তাল পাতার সিপাই। ফুটবল, ব্যাডমিন্টন কখনই খেলতে না পারলেও প্রচুর উৎসাহ ছিল। অখণ্ড ভারত ভেঙ্গে গেল। আব্বা গ্রেপ্তার হলে অনেক কাঁদলাম। মঞ্জুর খুবি ভয় পেয়েছিল।

আব্বা সসম্মানের সাথে মুক্তি পেলে আমরা পুর্ব পাকিস্তানের রাজশাহীতে চলে আসি। প্রখ্যাত চলচিত্রকার হৃতিক ঘটকের শ্বশুর বাড়ির পরিবার আর আমরা এক পরিবার হয়ে গেলাম। বেশ কিছুদিন পর আমরা চলে এলাম সোনাদীঘির পারে। মঞ্জুরের হাত ধরে জানালায় দাড়িয়ে রাস্তা দেখার সময় প্রতিদিন এক বুড়ো পানি নিয়ে জাবার সময় হেসে আমাকে বলত খুকি ভাইটাকে দাও, মিষ্টি দিব। ধমক দিয়ে বলতাম তুমি যাও ভাইকে দিবনা। আব্বা কচুরি ও রসগোল্লা খাইয়েছেন। একদিন মঞ্জুর হঠাৎ করে মাকে বলে মা বিতিশ কই? ব্রিটিশ চলে গেছে শুনে ও বলে মা এটা আমাদের দেশ? ওকে রাজশাহী কলিজিয়েট স্কুলে ভর্তি করা হয়। একদিন মাকে বলে স্কুলে মিলাদ হবে স্যারেরা ছোট ভাইদের নিয়ে যেতে বলেছেন। আমার ভাই নাই শুনে উনারা বোনকে নিয়ে যেতে বলেছেন। বোন টুকুকে সবুজ সিল্কের শেরওয়ানি, মাথায় জিন্নাহ টুপি পায়ে লাল নাগ্রায় পরিয়ে মিলাদে নিয়ে গেলে বন্ধুরা তাকে অনেক আদর করে। মিলাদ শেষে দুজনে খুশি হয়ে মিলাদের সিন্নি বাড়িতে নিয়ে আসে। পৃথিবীতে ছোট ভাই বাবু আসার পর অসুস্থ হয়ে পড়লে বড়দের সাথে ও সারা রাত জেগে ছিল। খিটখিটে হলেও মনটা ছিল স্নেহময়ী ও সাহসী। অল্প পড়াতেই তার পড়া মুখস্ত হয়ে যেত। কিন্তু সে ছিল প্রচন্ড অস্থির স্বভাবের। পয়সা পেলেই বন্ধু রাজ্জাক, অদুদ ও আমাকে নিয়ে দৌড়ে ফারুক লাইব্রেরীতে গিয়ে গল্পের বই কিনত। “অজানার উজানে” বইটা পড়ে ওর ইচ্ছা জাগে বড় হয়ে আমাদের নিয়ে অজানার উজানে গিয়ে অনেক কিছু দেখবে। কিছু টা বড় হলে স্কুল জীবনেই  সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে যায়। তখনও ক্লাস এইটের ছাত্র। একদিন অনেক রাতে ডিসি সাহেবের গাড়ি তাকে বাড়ি পৌছে দিলে ও গল্প শুনাতে থাকে ওকে নিয়ে চিন্তায় বড় ভাই (দাদা) সারা রাত ঘুমাতে পারেনি। আব্বার ইচ্চা ছিল ও ডাক্তার হবে। বড় ভাইয়ের ইচ্ছা ছিল ও আইনবিদ হবে। কিন্তু ও হয়ে গেল সাংবাদিক। নিজের কথা ভাবত না। সবসময় অন্যের উপকার করত। মায়ের বকা খেয়ে বলত “ সোনাদীঘির এপারে মা আর ওপারে আমি…” একসময় প্রেসক্লাব হয়ে গেল তার সব কিছু। বড় বড় নেতা , বিশিষ্ট ব্যাক্তিদের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে তার যোগাযোগ ছিল। বিজয়ের পর সাংবাদিক আহম্মেদ সফিউদ্দিন ও অন্যান্যদের সাথে বদ্ধভুমি শহিদ ও শহিদ পরিবারের কথা গুলো তার লেখনীতে তুলে ধরে। বঙ্গবন্ধু তাকে চিনতেন ও জানতেন ও তিনি বঙ্গবন্ধুকে “বড়ভাই” সম্বোধন করতেন। তার সহযোগিতায় গড়ে উঠতে থাকে সাংবাদিক। অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে থাকেন। অনেকে চলে যান দেশের বাইরে। বঙ্গবন্ধু হত্যার পর ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধের সংঘটক সাংবাদিক লেখক ওমর ২১ নিয়ে সেই ওমর গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী প্রতিবাদ হিসেবে কলকাতা থেকে “সোনার বাংলা” প্রকাশ করেন। সেটি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম ওস্তাদ হারুন অর রসিদ খানের মাধ্যমে তার কাছে আসতে থাকলে ও সেগুলি রাজশাহী থেকে প্রকাশিত “রাজশাহী বার্ত্তা” অফিসে সংরক্ষন করত। সেখান থেকে সেগুলি ওস্তাদ হারুন অর রসিদ খান (পরে বি এন পি তে যোগদান) ও রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক ছাত্রলীগ নেতা চৌধরী খুরশিদ বিন আলম বিভিন্ন ব্যাক্তিবর্গের কাছে পৌছে দিতেন। মঞ্জুর “আজাদী”,উর্দু সংবাদ পত্র “জং” , “দৈনিক পাকিস্তান”, “দৈনিক বাংলা”, রাজনৈতিক ব্যাক্তিত্ব শহিদ এ এইচ এম কামারুজ্জামান হেনার “দৈনিক জনপদ”, “দৈনিক দেশ” এ কাজ করেছে। রাজশাহী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ছিল। ১৯৯১ সালে একটি রাজনৈতিক দলের জ্ঞানহীন ক্যাডার নামধারীরা সরকারি সংস্থার সংবাদ কে কেন্দ্র করে  রাজশাহির প্রেস ক্লাবে হামলা করলে ও এবং সাইদুর রহমান আক্রান্ত হয়। প্রশাসন, বিভিন রাজনৈতিক দলের নেতা সহ অনেকে ব্যবস্থা নেবার কথা বললেও তারা কিছুই করেননি। এর প্রতিবাদে প্রেস ক্লাব বন্ধ থাকে। মঞ্জুর অসুস্থ হয়ে পড়ে। সাবেক ভুমি মন্ত্রী, সাবেক মেয়র দুঃখ প্রকাশ করে অনেক কিছু বলেন। কিন্তু মঞ্জুর আর বেশি অসুস্থ হয়ে পড়তে থাকেন। ১১ ডিসেম্বর তরী বেয়ে কে যেন এসে সকলের অজান্তে তাকে নিয়ে চলে গেল। সূর্য তখন  পশ্চিমে হেলে পড়েছেন। সাবেক ভুমি মন্ত্রী ও অন্যান্যরা তাকে রেখে এলেন তরু ছায়া ঘ্রেরা ক্ষেত্রে।

লেখকঃ বাংলাদেশ বেতার রাজশাহীর সাবেক স্টাফ আর্টিস্ট।