হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

Mirza Abbas
অনলাইন ডেস্ক ১২ ডিসেম্বর ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১২ ডিসেম্বর ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন
হাদিকে দেখতে  হাসপাতালে  মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। .........সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে যান তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, হাদিকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।এর আগে দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

এদিকে গুলির ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের মতাদর্শ যা-ই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। তিনি পোস্টে উল্লেখ করেন, এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে, তিনি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানান।