খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শামছুল ইসলাম

Shamsul Islam, chief security officer of Khaleda Zia and Tarique Rahman
অনলাইন ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৩১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৩১ অপরাহ্ন
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শামছুল ইসলাম
সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকির লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করে একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিদেশে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। নতুন এই নিয়োগের মাধ্যমে তাদের নিরাপত্তা বলয় আরও পেশাদার ও শক্তিশালী হবে বলে মনে করছে বিএনপি।

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে ইতোমধ্যে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় জানাতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এমন অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) এ কমিটি গঠন করে বিএনপি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এসব কারণে তাকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন। একইসঙ্গে চিকিৎসার তদারকিও করছেন তিনি।