শরিকদের ১১০ আসন ছাড় জামায়াতের

Jamaat to give up 110 seats to partners
নিজস্ব প্রতিবেদক ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন
শরিকদের ১১০ আসন ছাড় জামায়াতের
....সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের সময় বাকি আছে আর মাত্র ১ দিন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর বিকাল ৪টা। অথচ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 পাশাপাশি জামায়াতের আন্দোলন-সংগ্রামের সঙ্গী ৮ দলের মধ্যেও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তবে জামায়াতের সঙ্গে এনসিপির এবং ৮ দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন। সূত্র জানাচ্ছে, এনসিপির জন্য ৩০টি এবং ৮ দলসহ অন্য শরিকদেরসহ  ১১০টি আসন ছাড় দিচ্ছে জামায়াত। তবে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রশ্নে ইতোমধ্যে এনসিপিতে বিদ্রোহ শুরু হয়েছে।

এদিকে জামায়াত জোটে এনসিপিসহ এখন দলের সংখ্যা ১২টিতে উন্নীত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। অপর তিনটি নবাগত দল হলো এলডিপি থেকে বেরিয়ে যাওয়া একটি অংশ, লেবার পার্টি এবং এবি পার্টি। ওদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়া প্রশ্নে দ্বিমত করে তাসনিম জারা পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দু-একদিনের মধ্যে এনসিপি থেকে আরও বেশ কয়েকজন শীর্ষনেতা পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংসদের ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিকদের জন্য উদারভাবেই আসন ছাড় দিচ্ছে। সর্বশেষ দলটির সঙ্গে সমঝোতায় আসা এনসিপির দাবিকৃত ৫২টি আসনের মধ্যে ৩০টি আসন দিতে রাজি হয়েছে জামায়াত। এবি পার্টিকে ৩টি আসন দেওয়া হচ্ছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, আমাদের সমঝোতা আসলে জামায়াতের সঙ্গে নয়, ৮ দলের সঙ্গে হচ্ছে। তার দলের ৩টি আসন প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, আমরা তো একটা জোটে আছি। এই জোট থেকে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই জানেন।

৮ দলের মধ্যে সবচেয়ে বেশি দরকষাকষি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটিকে ৩৫টি আসন দেওয়ার কথা ৮ দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি এখন তা মানতে রাজি হচ্ছে না। দলটি ১২০ আসন দাবি করছে।তবে,ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ  বলেন, আমরা আশা করি খুব শিগগিরই বিষয়টির সমাধান হয়ে যাবে।

জামায়াত যে ১১০ আসন ছাড়ছে বলে আলোচনা হচ্ছে, তার মধ্যে খেলাফত মজলিস ১৫টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৩টি, লেবার পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩টি, খেলাফত আন্দোলন ৪টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যোবায়ের বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক খবর আসছে যা সত্য নয়। তবে ৮ দলের মধ্যে এবং এনসিপিসহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আমরা জানাতে পারব। আসন সমঝোতায় জামায়াতের সঙ্গে আসতে চায় এমন দলের সংখ্যা এখন ১২টি হতে পারে বলে তিনি জানান।

সূত্র জানায়, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আলোচনায় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আজকের মধ্যেই আসতে পারে। শুক্রবার রাতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। এনসিপিকে ৩০টি আসন ছেড়ে দিচ্ছে জামায়াত। নতুন এ দলটি আসন চেয়েছিল ৫৬টি। এছাড়া এনসিপির সঙ্গীয় জোট এবি পার্টি পাচ্ছে ৩টি আসন। এ দলটি ১২টি আসন চেয়েছিল বলে জানা গেছে।