ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

Tariq Rahman
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ০৬:২২ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ০৬:২২ অপরাহ্ন
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবদুস সালাম বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বাংলাদেশ যখন সংকটে পড়েছিল, তখনই জিয়া পরিবার সামনে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার পাথরের মতো বসে ছিল। আজ সেই স্বৈরাচার বিদায় হয়েছে। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা পুরোপুরি ফিরে পাইনি। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান করবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সেই দায়িত্ব সুযোগ্যভাবে পালন করবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।