সরিষা ফুলের মৌসুমে কুয়াশার দাপট, ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

Farmers worried about yield
নিজেস্ব প্রতিবেদক: ০৫ জানুয়ারি ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজেস্ব প্রতিবেদক: ০৫ জানুয়ারি ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন
সরিষা ফুলের মৌসুমে কুয়াশার দাপট, ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক
সরিষা ফুলের মৌসুমে কুয়াশার দাপট

 শীতের ভরা মৌসুমে মাঠজুড়ে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য চোখ জুড়ালেও ঘন কুয়াশা এখন রাজশাহীর কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরিষা গাছের ফুল ফোটার গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘস্থায়ী কুয়াশা ও অতিরিক্ত আর্দ্রতা ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনে বিরূপ প্রভাব ফেলছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা।

কৃষি বিভাগ সূুত্রে  জানা যায় সরিষা ফুল ফোটার সময় পরাগায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় মৌমাছিসহ অন্যান্য পরাগবাহি পোকামাকড়ের চলাচলের ওপর শুঁটি ও দানা গঠন নির্ভর করে। কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এসব উপকারী পোকা কম সক্রিয় থাকে, ফলে পরাগায়ন ব্যাহত হয় এবং অনেক ফুল থেকেই শুঁটি ধরে না।

এছাড়া অতিরিক্ত কুয়াশা ও আর্দ্র পরিবেশে সরিষা ফুল ঝরে পড়ার প্রবণতা বাড়ে। একই সঙ্গে ছত্রাকজনিত রোগের ঝুঁকিও বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষ করে অল্টারনারিয়া ব্লাইট, ডাউনি মিলডিউ ও পাউডারি মিলডিউ রোগ দেখা দিলে ফুল ও কচি শুঁটি নষ্ট হয়ে যেতে পারে। এতে সরাসরি ফলন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয় কৃষকরা জানান, এবার অনেক এলাকায় সরিষা ভালো অবস্থায় থাকলেও কয়েকদিনের টানা কুয়াশায় গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত রোদ না পাওয়ায় শুঁটি গঠন ধীরগতিতে হচ্ছে এবং দানা ভরাটে সমস্যা দেখা দিচ্ছে।  উৎপাদন খরচ উঠবে কিনা, তা নিয়েও উদ্বিগ্ন তারা

কৃষি বিশেষজ্ঞদের মতে, কুয়াশা যদি স্বল্প সময়ের জন্য থাকে তবে ক্ষতি তুলনামূলক কম হয়। তবে দীর্ঘ সময় ধরে কুয়াশা অব্যাহত থাকলে সরিষার মোট ফলন ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে নিম্নাঞ্চলে পানি জমে থাকলে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে নজর দেওয়া, রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ এবং পরাগায়ন বাড়াতে মৌচাষ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে এলেই পর্যাপ্ত রোদে জমি শুকিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

কৃষক ও সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো আবহাওয়ার উন্নতি হলে এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে এখনো বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে চলতি মৌসুমে সরিষা উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে