২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সর্বনিম্ন লক্ষ্য দিয়েও জয়
পাকিস্তানের করাচিতে ২৩২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে গেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও জিতেছে পাকিস্তান টিভি (পিটিভি) ক্রিকেট দল। সুই নর্দান (এসএনজিপিএল) সেই রানও করতে পারেনি। তারা মাত্র ৩৭ রানে অলআউট হওয়ায় বিশ্বরেকর্ড গড়ে জিতল পিটিভি।
প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতায় আজ (শনিবার) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এমন দৃশ্য দেখা গেছে। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন ৪১ রানের টার্গেট দিয়েও জয়ের রেকর্ড দেখা গিয়েছিল ১৭৯৪ সালে। ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় হওয়া সেই রেকর্ড আজ ভেঙে গেল। লর্ডস ওল্ড গ্রাউন্ডে ওল্ডফিল্ড ৪১ রানের লক্ষ্য দিয়েও এমসিসিকে হারিয়েছিল।
করাচিতে আজ পিটিভি ৩৭ রানে অলআউট করে দেয় এসএনজিপিএলকে। তারা ম্যাচটি জিতে নেয় ২ রানে। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতার চলমান আসরে এটি সবচেয়ে লো স্কোরিং ও দ্রুততম ম্যাচ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি ১৬৬ রানে অলআউট হয়। শামিল হুসাইনের নেতৃত্বাধীন দলটির হয়ে কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি।