সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই : জামায়াত আমির

Dr. Shafiqur Rahman
নিজস্ব প্রতিবেদক:- ২৫ জানুয়ারি ২০২৬ ০৬:১০ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক:- ২৫ জানুয়ারি ২০২৬ ০৬:১০ অপরাহ্ন
সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই : জামায়াত আমির
সংগৃহীত ছবি

আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চান না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই, আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আর কেউ এসে বাংলাদেশের ওপর খবরদারি করুক তা-ও দেখতে চাই না।

রোববার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, তুমি ভয় পেয়ো না। তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে। সমাজে তোমাকে আর মুখ ঢেকে চলতে হবে না।তিনি বলেন, কেউ তোমার মা-বাবাকে চাঁদাবাজের মা-বাবা বলবে না, স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলবে না। সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে।

আমিরে জামায়াত বলেন, তরুণদের হাতে বেকার ভাতা নয়, তাদের বাংলাদেশ গড়ার কারিগরে পরিণত করা হবে। দেশ পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করব।এছাড়া ৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও বক্তব্য দেন ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।