দই নিয়ে যত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসক
দই অনেক আগে থেকেই আমাদের একটি পরিচিত খাবার। তবু আজকের দিনে এটি সবচেয়ে ভুল বোঝা খাবারগুলোর একটি। কেউ বলেন অন্ত্রের স্বাস্থ্যের জন্য দই দারুণ উপকারী, আবার কেউ সম্পূর্ণ এড়িয়ে চলেন—কারণ তাদের ধারণা দই খেলে সর্দি হয়, ওজন বাড়ে বা হজমের সমস্যা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পরামর্শ এই বিভ্রান্তি আরো বাড়িয়েছে।
মূলত, দই নিজে থেকে না জাদুকরী, না ক্ষতিকর। সবটাই নির্ভর করে আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং আপনি কিভাবে দই খান।
ভারতীয় হোমিওপ্যাথি চিকিৎসক ডা. সায়াজিরাও গাইকওয়াড তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে দই নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা ভেঙে দেন। তিনি ব্যাখ্যা করেন, কেন অযথা অনেক স্বাস্থ্য সমস্যার জন্য দইকে দায়ী করা হয়।
চলুন, জেনে নেওয়া যাক তার ভাষায়।
মিথ ১ : দই খেলে সর্দি, কাশি ও সাইনাস হয়
ডা. গাইকওয়াড জানান, দই মিউকাস তৈরি করে বা শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কারো দই খাওয়ার পর অস্বস্তি হলে তা সাধারণত ব্যক্তিগত সংবেদনশীলতার কারণে হয়, দই নিজে ক্ষতিকর বলে নয়।
মিথ ২ : রাতে দই খাওয়া উচিত নয়
রাতে দই খাওয়া নিষিদ্ধ—এমন কোনো নিয়ম নেই।
যাদের হজমশক্তি ভালো, তারা রাতের খাবারের সঙ্গে সাধারণ দই খেতে পারেন। সমস্যা সাধারণত তখনই হয়, যখন দইয়ের সঙ্গে ভারী, ভাজাপোড়া বা অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া হয়।
মিথ ৩ : দই ওজন বাড়ায়
এটি সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। দইয়ে প্রোটিন ও প্রোবায়োটিক থাকে, যা পেট ভরার অনুভূতি বাড়ায় এবং বিপাকক্রিয়ায় সহায়তা করে। নিয়মিত দই খাওয়া বরং চর্বি কমানো এবং বিপাকীয় স্বাস্থ্যের উন্নতির সঙ্গে যুক্ত।
মিথ ৪ : দই হজমের জন্য খারাপ
তাজা দই অন্ত্রের স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটি ল্যাকটোজ হজমে সাহায্য করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। সমস্যা সাধারণত তখন হয়, যখন দই অতিরিক্ত টক, বেশি ফারমেন্টেড, অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় বা আগে থেকেই কারো হজমের সমস্যা থাকে।
মিথ ৫ : খাবারের সঙ্গে দই খাওয়া উচিত নয়
ঐতিহ্যবাহী খাবারে যুগের পর যুগ দই রয়েছে। ডা. গাইকওয়াডের মতে, খাবারের সঙ্গে দই খেলে খাবারের পর রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কমাতে সাহায্য করে, খনিজ শোষণ বাড়ায় এবং হজমে সহায়ক ভূমিকা রাখে।
মিথ ৬ : ডায়াবেটিক রোগীদের দই এড়িয়ে চলা উচিত
সাধারণ, চিনি ছাড়া দইয়ের গ্লাইসেমিক লোড কম। বরং এটি ইনসুলিন সংবেদনশীলতা ও অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। ডায়াবেটিক রোগীরাও নিয়ন্ত্রিত পরিমাণে দই খেতে পারেন।
মিথ ৭ : সব প্যাকেটজাত দই-ই প্রোবায়োটিক
সব প্যাকেটের দইয়ে পর্যাপ্ত জীবিত ব্যাকটেরিয়া থাকে না। বাড়িতে তৈরি দই বা স্পষ্টভাবে ‘প্রোবায়োটিক’ লেখা দই বেশি উপকারী।
সবশেষে বলা যায়, সঠিক পরিমাণে, তাজা ও সাধারণ দই খেলে এটি পুষ্টিকর খাবার হতে পারে। অকারণে দই এড়িয়ে না গিয়ে নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝুন এবং মানসম্মত খাবার বেছে নিন।
সূত্র : এনডিটিভি