টাকার বিনিময়ে যাত্রী বহনের অভিযোগে তিন রেলকর্মী বহিস্কার
টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) এর স্বাক্ষরে সংশ্লিষ্ট তিন কর্মীর সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
বরখাস্ত প্রাপ্তরা হলেন— মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪ নং) ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্ব পালনকারী স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), যিনি ঢাকা হেডকোয়ার্টারের অধিভুক্ত।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে তারা টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ করে দেন—এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রাপ্ত অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করে। অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী।