স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Housewife commits suicide by hanging herself
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন
স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রতিকী ছবি

নওগাঁর বদলগাছী উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে তুন্নাহার বেগম (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত তুন্নাহার বেগম বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের সালাম হোসেনের মেয়ে। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চক্রপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাসেল হোসেন (২৫)-এর স্ত্রী।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে তুন্নাহারের সঙ্গে রাসেলের বিয়ে হয়। গত চার থেকে পাঁচ মাস ধরে তারা বদলগাছী উপজেলার কোলা ভান্ডারপুর বাজার এলাকার মিলন বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাসেল নিজ আবাদি জমি থেকে আলু নিয়ে ভাড়া বাসায় ফেরেন। এ সময় আলু কম আনার বিষয়টি নিয়ে তুন্নাহার স্বামীকে প্রশ্ন করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী রাত আনুমানিক ১০টার দিকে ঘুমিয়ে পড়েন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঘুম থেকে উঠে রাসেল স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজার নিচের ফাঁক দিয়ে তাকিয়ে তিনি দেখেন, তুন্নাহার শুতা দিয়ে তৈরি রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের তীরের সঙ্গে ঝুলে আছেন।

তাৎক্ষণিকভাবে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন। পরে দরজা খুলে রশি কেটে তুন্নাহার বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।