প্রেমিকাকে বিয়ের অনুষ্ঠানে গুলি করলেন প্রেমিক

Boyfriend shoots girlfriend at wedding
অনলাইন ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২১ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২১ অপরাহ্ন
প্রেমিকাকে বিয়ের অনুষ্ঠানে গুলি করলেন প্রেমিক
সংগৃহীত ছবি

ভারতের বিহারের বুক্সারে একটি বিয়ের অনুষ্ঠান রূপ নিয়েছে বিষাদে। সেখানে গতকাল রাতে এক নববধূকে বিয়ের অনুষ্ঠানে গুলি করেছেন তার প্রেমিক।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (২৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, ১৮ বছর বয়সী আরতী কুমারীর সঙ্গে দ্বীনবন্ধু নামে এক ব্যক্তির প্রেম ছিল। কিন্তু দ্বীনবন্ধুকে বিয়ে না করে গতকাল আরতী অন্য আরেকজনকে বিয়ে করছিলেন। ওই সময় বিয়ের মঞ্চে সবাই ছিল।

তখন সেখানে উপস্থিত হন দ্বীনবন্ধু। বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় দ্বীনবন্ধু ভিড়ের আড়াল থেকে আরতীর পেটে গুলি করেন।

গুলির সঙ্গে সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ আরতীকে জাগিয়ে রাখতে চেষ্টা করেন। অনেকে আবার বিয়ের মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যান।

আরতীকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে ভারনসির ট্রমা সেন্টারে নিয়ে যেতে বলেন। মারা না গেলেও তার অবস্থা বেশ আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রেমিকাকে গুলি করেই দ্বীনবন্ধু পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে পুলিশ।

পুলিশের অতিরিক্ত স্টেশন হাউজ অফিসার চন্দন কুমার বলেছেন, দ্বীনবন্ধু আগে একবার মদ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। প্রেমিকাকে গুলি করার ঘটনায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিয়ের বরযাত্রীরা উত্তরপ্রদেশের বাল্লিয়া থেকে এসেছিলেন। গুলির ঘটনার পর তারাও সেখান থেকে চলে যান।

সূত্র: এনডিটিভি