ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

Arab League to hold emergency meeting on Iran issue
অনলাইন ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০৩:২১ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০৩:২১ অপরাহ্ন
ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ
ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছেন আরব লীগের নেতারা। __সংগৃহীত ছবি

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছেন আরব লীগের নেতারা। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রোববার ‌‌‘বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলা’ নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি বৈঠক করবেন। আরব ব্লকের সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকটি কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে যে, তাদের নৌবাহিনী ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ জানিয়েছে, ইরানি নৌবাহিনী আমেরিকান ঘাঁটি এবং অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং কুয়েতে অবস্থিত আরেকটি ঘাঁটির পাশাপাশি ইসরায়েলে অবস্থিত একটি ‘কৌশলগত স্থাপনা’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে সৌদি আরব জানিয়েছে যে, তারা একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ড্রোন এবং একটি বিমানঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। ড্রোনগুলো দেশের দক্ষিণের বিশাল একটি মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়েছে। ওই মরুভূমিতে বিপুল তেলের মজুত রয়েছে, যার মধ্যে শায়বাহ তেলক্ষেত্র অন্যতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই তেলক্ষেত্রই ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল। সৌদি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়।