ভারতে গ্যাস সরবরাহে কড়াকড়ি ॥ রেস্তোরাঁগুলো বন্ধের আশঙ্কা

Restrictions on gas supply in India
অনলাইন ডেস্ক ১০ মার্চ ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১০ মার্চ ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন
ভারতে গ্যাস সরবরাহে কড়াকড়ি ॥ রেস্তোরাঁগুলো বন্ধের আশঙ্কা
__সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় প্রাকৃতিক এবং রান্নার গ্যাসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ দিয়েছে ভারত। দেশটির সরকারের এই নির্দেশে রেস্তোরাঁগুলো ব্যাপক পরিসরে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিকরা। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চতুর্থ বৃহত্তম এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। রান্না ও কল-কারখানার কাজে ব্যবহৃত এসব গ্যাসের বিশাল অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ভারত।

মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, ‌‌মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। নতুন এসব নিয়ম অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে গ্যাসের সুষম বণ্টন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে।

এলএনজি সরবরাহের ক্ষেত্রে বাসাবাড়ি, পরিবহন খাত এবং এলপিজি উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

তবে সার কারখানা ও চা শিল্পের মতো অন্যান্য সব খাত ‘‘কার্যকরী প্রাপ্যতার সাপেক্ষে’’ তাদের চাহিদার ৭০ থেকে ৮০ শতাংশ গ্যাস পাবে। এই ঘাটতি মেটাতে পেট্রোকেমিক্যাল কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাস পুরোপুরি বা আংশিকভাবে কমিয়ে দেওয়া হবে।

এরই মধ্যে সিরামিক ও টাইলস-সহ ভারতীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বলেছে, তারা গ্যাসের সরবরাহ হ্রাসের মুখে পড়েছে; যা তাদের উৎপাদনে প্রভাব ফেলতে পারে।

ভারতের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ ও হোটেলগুলোও তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। এর আগে, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের অপর এক আদেশে বাসাবাড়িতে এলপিজির সরবরাহে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

সূত্র: এএফপি