চাঁদ রাতে গানের আয়োজন

বিজয় বাংলা ২০ মার্চ ২০২৬ ০২:১৭ অপরাহ্ন বিনোদন
বিজয় বাংলা ২০ মার্চ ২০২৬ ০২:১৭ অপরাহ্ন
চাঁদ রাতে গানের আয়োজন
__সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদ রাতকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। তারই ধারাবাহিকতায় এদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন, মাছরাঙা ও আরটিভির পর্দায় প্রচার হবে ভিন্ন ভিন্ন গানের আয়োজন। 

প্রায় এক যুগের বেশি সময় ধরে বাংলাভিশন চাঁদ রাতকে ঘিরে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবারও প্রচার করতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে’।

অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আজ চাঁদ রাতের ৮টা ১৫ মিনিটে। এবারের আয়োজনে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও সাব্বির জামান। 

এদিকে মাছরাঙা টেলিভিশনে চাঁদ রাতে প্রচার হবে সদ্যসমাপ্ত লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা পাঁচ প্রতিযোগীকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ রাতে ম্যাজিক বাউলিয়ানা’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

সোহাগ নূরী, এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা ও রজনী খাতুন গানের পাশাপাশি কথা বলবেন নানা বিষয় নিয়ে।

ইন্দ্রানী নিশির উপস্থাপনায় ‘চাঁদ রাতে ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।

এছাড়া মিউজিক্যাল লাইভ ‘ক্লাব এশিয়া’ নামের একটি গানের অনুষ্ঠান প্রচার হবে আরটিভিতে। আজ রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে এই আয়োজন।