ঈদ শুভেচ্ছা বার্তায় নূরুন্নিসা সিদ্দিকা

নারী-শিশুর ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে

The struggle will continue until the fair rights of women and children are restored.
অনলাইন ডেস্ক ২০ মার্চ ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২০ মার্চ ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন
নারী-শিশুর ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে
__সংগৃহীত ছবি

দেশে নারী ও শিশুর ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা।

শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

নূরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘আমাদের অঙ্গীকার হোক, যতদিন না আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম হচ্ছে এবং প্রতিটি নারী ও শিশু নিরাপদ ও ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে, ততদিন আমাদের এই সংগ্রাম থামবে না। এবারের ঈদ হোক সেই শপথের দিন, যেখানে ত্যাগের বিনিময়ে আসবে আগামীর প্রকৃত মুক্তি।’

পবিত্র ঈদুল ফিতরের আগমনে ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিত্তবানরা যেন সুবিধাবঞ্চিতদের ভুলে না যান। ত্যাগের মাধ্যমেই ঈদের খুশি পূর্ণতা পায়।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, সিয়াম সাধনার মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে মজলুম মানবতার আর্তনাদের মাঝে এবারের ঈদ আমাদের দ্বারে কড়া নাড়ছে। ফিলিস্তিন ও ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি ও যুদ্ধের কালো মেঘ আমাদের ঈদের আনন্দকে ব্যথিত করছে। তবু ঈদ মানে সব বাধা পেরিয়ে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া; ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য সোপান।

শুভেচ্ছা বার্তায় জামায়াতের মহিলা বিভাগ মহান স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা ১৯৭১ থেকে চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। একই সঙ্গে দেশবাসীসহ বিশ্বের সব শান্তিকামী মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নূরুন্নিসা সিদ্দিকা।