ঈদের সিনেমা ‘দম’র প্রশংসায় মেহজাবীন
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহে চমক দেখাচ্ছে অ্যাকশন-ড্রামা সিনেমা ‘দম’। অভিনেতা আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক চাহিদার শীর্ষে রয়েছে। ‘দম’ সর্বোচ্চ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে চলছে বলে প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন।
নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র মুক্তির পর থেকেই প্রশংসা চলছে অন্তর্জালে।
অনেকেই সিনেমাটি দেখে নিজেদের ভালো লাগা ভাগ করেছেন সামাজিকমাধ্যমে। সেই তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী।
সিনেমাটি দেখে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দম’ আমার কাছে সত্যিই একটা এক্সেপশনাল এক্সপেরিয়েন্স ছিল। একজন অডিয়েন্স হিসেবে মনে হয়েছে আমি যেন অন্য একটা জগতে চলে গেছি, আফগানিস্তান।
পুরো সময়টা একটা দমবন্ধ লাগা, বন্দি হয়ে থাকার অনুভূতি কাজ করেছে। নূরের সাথে সাথে নিজেকেও বন্দি মনে হয়েছে বারবার, আর রানির জন্য অনেক কষ্ট লেগেছে। আর পুরো সিনেমাজুড়ে একটা জিনিসই মনে হয়েছে, নূর যেন বেঁচে থাকে।
মেহজাবীন চৌধুরী আরও লেখেন, আফরান নিশো যেভাবে চরিত্রটা তুলে ধরেছে, সত্যিই সে নিজের জন্য নতুন একটা বেঞ্চমার্ক সেট করেছেন।
চলতে থাকুন, বাড়তে থাকুন। রানির চরিত্রে পূজা চেরি দারুণ, আর চঞ্চল চৌধুরী সব সময়ের মতোই যা করেন, একদম বেস্ট করেন। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, সঙ্গে দারুণ কমেডি টাইমিং।
সর্বশেষ এই অভিনেত্রী লেখেন, শেষমেশ ডিরেক্টর রেদওয়ান রনিকে এটাই বলতে চাই, হোয়াট অ্যা কামক্যাক! আপনার অপেক্ষার ফল আপনি নিশ্চয়ই পাচ্ছেন। শুনেছি পুরো টিম বিদেশি ভূমিতে অনেক কষ্ট করেছেন, আর সেটা স্ক্রিনে একদম স্পষ্ট।
একজন দর্শক হিসেবে এটা ছিল একটা অনুভব, একটা যাত্রা। আবারও অনেক অনেক অভিনন্দন, এত কঠিন একটা কাজ এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় কাজ করেছেন ডলি জহুর। দম’র চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।