সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবি: রাজশাহীতে সংবাদ সম্মেলন

Five point demand
ছোটন সরদার ২৮ মার্চ ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
ছোটন সরদার ২৮ মার্চ ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবি: রাজশাহীতে সংবাদ সম্মেলন
সমতল আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি তুলে ধরেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম।

সমতল  আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি তুলে ধরেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। ২৮ মার্চ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একই সঙ্গে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের নেতারা। তারা বলেন, দেশের সমতল অঞ্চলে বসবাসরত আদিবাসীরা দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় রয়েছেন। উন্নয়ন প্রক্রিয়ার মূলধারার বাইরে থাকায় তাদের ভূমি অধিকার, সাংস্কৃতিক পরিচয় ও রাজনৈতিক প্রতিনিধিত্ব এখনো অনিরাপদ।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সমতল আদিবাসীদের মধ্য থেকে একজন টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উত্তরবঙ্গের একজন আদিবাসী নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী বিষয়ক পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দেশে সমতল অঞ্চলে প্রায় ১৫ লাখ আদিবাসীর বসবাস। উত্তরবঙ্গের ১৬টি জেলায় সাঁওতাল, ওঁরাও, কোল, মুন্ডা, রাজোয়াড়, তুরি, মাহালী, মালো, মাহাতোসহ ৩০টির বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করলেও তাদের জন্য পার্বত্য চট্টগ্রামের মতো আলাদা কোনো প্রশাসনিক বা আইনি কাঠামো নেই। ফলে ভূমি দখল, উচ্ছেদ ও বঞ্চনার ঘটনা অব্যাহত রয়েছে।

বক্তারা আরও বলেন, সরকারিভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে আদিবাসীদের সমস্যা ও সম্ভাবনা রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করা হলে দীর্ঘদিনের ভূমি সংকট ও অধিকারহীনতার টেকসই সমাধান পাওয়া যেতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিংগু মুর্মু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমি মুর্মু ও সাধারণ সম্পাদক ইলিয়াস সরেনসহ অন্য নেতারা।

অনুষ্ঠানের শেষে সুমি মুর্মুকে সভাপতি ও ইলিয়াস সরেনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর শাখার ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে ভূমিমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়ার মাধ্যমে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।