নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত
নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার ( ১৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। এঘটনায় দোকান মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিকাণ্ডে চারটি দোকানে ৪৫-৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন মুদিখানা ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ এনামুল হক এবং কীটনাশক ব্যবসায়ী মোঃ সালমান শাহ।
জিডি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহিশো বাজারের একটি দোকানে রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। ক্রমান্বয়ে আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। পাশের দোকানে থাকা মোঃ সাইফুল ইসলাম আগুন লাগা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং নাচোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। নাচোল ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কীটনাশক ব্যবসায়ী মোঃ সালমান শাহ বলেন, আমি গত সপ্তাহে তিনটি কোম্পানি থেকে প্রায় ১৮ লাখ টাকার কীটনাশক কিনেছিলাম। আগুনে সব পুড়ে গেছে। এই আগুন আমার অনেক ক্ষতি করে দিল।
ঘটনার বিষয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: এমদাদুল হক জানান, তাঁরা রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।