যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে সিপিবির বিক্ষোভ সমাবেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত নগরীর বোয়ালিয়া মডেল থানার আওতাধীন সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিপিবি রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন সিপিবি রাজশাহী জেলা সভাপতি মো. জুলফিকার আহমেদ গোলাপ, মহানগর সভাপতি আইয়ুব হোসেন কাইয়ুম, জেলা সেক্রেটারি অজিত কুমার মন্ডল, সাবেক জেলা সভাপতি হুমায়ুন রেজা জেনু, মহানগর সদস্য মইনুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা সাদমান সামী এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সেলিনা বানুসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি ‘অসম ও দেশবিরোধী’। তাদের দাবি, এ চুক্তির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হলেও যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে।
সমাবেশে আরও বলা হয়, এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। পাশাপাশি এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা চুক্তিটি বাতিলের দাবি জানিয়ে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
এদিকে, একই দাবিতে আগামী ৭ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।