রাজশাহীতে আহলেহাদীস আন্দোলনের তাবলীগী ইজতেমা শুরু, সমাগম ১০–১২ হাজার
রাজশাহীতে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশের আয়োজনে ৩৬তম বার্ষিক তাবলীগী ইজতেমা-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন ময়দানে দুই দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়।
ইজতেমায় সংগঠনের আমীরে জামা’আত প্রফেসর (অব.) ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি আহলেহাদীস আন্দোলন বাংলাদেশকে একটি নির্ভেজাল ইসলামী সংগঠন হিসেবে উল্লেখ করেন।
ইজতেমায় আরও উপস্থিত আছেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, আহলেহাদীস যুবসংঘের কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল-মারুফ, দপ্তর সম্পাদক ড. মাওলানা মোহাম্মদ আব্দুল হালীম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুন নূরসহ অন্যান্য নেতারা।
বক্তারা তাদের বক্তব্যে তাকওয়াকে একজন মুমিনের প্রকৃত শক্তি হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজে ওহীর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, ইজতেমায় বর্তমানে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয়েছে, যা আরও বাড়তে পারে।
ইজতেমাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ময়দানজুড়ে ১৭০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সংগঠনের স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।
দুই দিনব্যাপী এ ইজতেমা শুক্রবার (৩ এপ্রিল) শেষ হবে।