‘লম্বা মরিচ’ চাষে সফল ছেন জিয়েন গাও

Cultivation of 'long pepper'
অনলাইন ডেস্ক : ১১ এপ্রিল ২০২৬ ০৮:০০ অপরাহ্ন কৃষি
অনলাইন ডেস্ক : ১১ এপ্রিল ২০২৬ ০৮:০০ অপরাহ্ন
‘লম্বা মরিচ’ চাষে সফল ছেন জিয়েন গাও
--সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার হায়েতখারচালা গ্রামের কথা মরিচের কারণে মুখে মুখে ছড়িয়ে পড়তে শুরু করেছে। মরিচ কত বড় হতে পারে? সাধারণ মানুষের কল্পনায় সে চিত্র আর মিলছে না! ফলে নতুন এক আকর্ষণে পরিণত হয়েছে গ্রামটি। ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা মরিচ দেখতে প্রতিদিনই গ্রামটিতে ভীড় করছেন কৌতূহলী মানুষ।

এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন চিনা নাগরিক ছেন জিয়েন গাও। আড়াই বিঘা জমির ওপর গড়ে তোলা খামারে তিনি চাষ করেছেন ‘চাপাই-কোপাই’ নামের বিশেষ প্রজাতির মরিচ। এই প্রজাতির মরিচ ইন্দোনেশিয়ায় জনপ্রিয় এবং চাইনিজ খাবারে বহুল ব্যবহৃত হয়।

খামারে গিয়ে দেখা যায়, সারি সারি গাছে ঝুলছে মরিচ। গড়ে একেকটি গাছে দুই থেকে তিন কেজি পর্যন্ত মরিচ রয়েছে। লাম্বায় যেগুলো ছোট সজনে ডাটার সমান। মরিচের ওজন বেশি হওয়ায় গাছগুলোকে খুঁটির সঙ্গে বেঁধে সাপোর্ট দেওয়া হয়েছে, যাতে ভেঙে না পড়ে। 

খামারের পরিচর্যার দায়িত্বে থাকা শ্রমিক আরিফ হোসেন জানান, খামারে চীনের বিভিন্ন জাতের সবজি চাষের চেষ্টা করা হলেও ‘চাপাই-কোপাই’ মরিচই সবচেয়ে বেশি হয়েছে। অল্প জায়গায় তুলনামূলক বেশি ফলন হওয়ায় এটি বেশ সম্ভাবনাময় বলেও মনে করেন তিনি। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে মানুষ এই খামার দেখতে আসছেন বলেও জানান আরিফ হোসেন। 

ছেন জিয়েন গাও বলেন, ‘‘বাংলাদেশের ঊর্বর মাটি বিদেশি ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরীক্ষামূলকভাবে শুরু করা এই চাষে ইতোমধ্যে ভালো ফল মিলেছে। উৎপাদিত মরিচ স্থানীয় বাজারে বিক্রি না করে নিজেদের রেস্তোরাঁয় ব্যবহার করছি।’’

ভবিষ্যতে আরো বড় পরিসরে এই চাষ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। 

এদিকে জমির মালিক আতিকুর রহমান প্রধান জানান, উদ্যোক্তা আরও জমি লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যা এই প্রকল্পের সম্ভাবনাকে আরও জোরালো করে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ‘‘এই মরিচের স্বাদ অনেকটা ক্যাপসিকামের মতো এবং চাইনিজ রেস্তোরাঁয় এর ব্যাপক চাহিদা রয়েছে। সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি লাভজনক ফসলে পরিণত হতে পারে। কৃষি বিভাগ থেকেও নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।’’

সব মিলিয়ে, শ্রীপুরের এই ‘লম্বা মরিচ’ এখন শুধু কৌতূহলের বিষয় নয়, বরং এটি হয়ে উঠেছে নতুন কৃষি সম্ভাবনার  উজ্জ্বল উদাহরণ।